বগুড়ায় হরিদাস চন্দ্র (৩৫) নামের এক নরসুন্দরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের ঝোপগাড়ী এলাকায় গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ছাড়া পাবনায় গতকাল শনিবার ভোরে বসন্ত কুমার দাস (৩৫) নামের এক মন্দিরের সেবায়েতকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি দিনাজপুর সদরের দিয়ার মন্দিরের সেবায়েত ছিলেন।
বগুড়ায় নিহত হরিদাসের বাড়ি নওগাঁর রানীনগর উপজেলায়। ৮-১০ বছর ধরে তিনি বগুড়ার কুমিরা গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, বগুড়া শহরের ধরমপুর বাজারের একটি সেলুনে কাজ করতেন নিহত হরিদাস চন্দ্র। শুক্রবার রাতে সেলুন থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে যায়। গতকাল সকালে ঝোপগাড়ী এলাকায় একটি মাজারের পাশের জঙ্গলে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। ময়নাতদন্ত শেষে বিকেলে হরিদাসের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক আছলাম আলী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শত্রুতার জেরে হরিদাসকে কেউ হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তিনটি সম্ভাব্য কারণ সামনে রেখে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে তিনি কারণগুলো উল্লেখ করেননি।
এদিকে পাবনায় সেবায়েত বসন্ত কুমার দাসকে ছুরিকাঘাত করা হয় পৌর এলাকার পাথরতলা মহল্লায়। তাঁর বাড়ি দিনাজপুরের সদর উপজেলার দক্ষিণনগর গ্রামে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সৎসঙ্গ বাংলাদেশ পাবনা শাখার কর্মীরা বলেন, বসন্ত কুমার দাস দিনাজপুরের হলেও তিনি পাবনার শ্রীশ্রী অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের অনুসারী ছিলেন। কিছুদিনের মধ্যে আশ্রমের অনুসারীদের একটি উৎসব হওয়ার কথা আছে। এই উৎসবের জন্য চট্টগ্রাম থেকে অর্থ সংগ্রহ করে পাবনার পাথরতলা মহল্লার আশ্রমে ফিরছিলেন বসন্ত কুমার দাস।
সৎসঙ্গ বাংলাদেশ পাবনা শাখার তত্ত্বাবধায়ক তপন কুমার হরি বলেন, আহত সেবায়েতের কাছে কিছু টাকা ছিল। ধারণা করা হচ্ছে, টাকাগুলো ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁর ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে।
পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, ‘ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি। এরপরও ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অপরাধীদের ধরারও চেষ্টা চলছে।’
এর আগে গত ১০ জুন পাবনা সদর উপজেলার হিমাইতপুর গ্রামে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করে নেয়। ওই দিনই আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা করেন। এ মামলায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।