বগুড়ার গাবতলী উপজেলায় তদন্তে গিয়ে নির্যাতন করে এক দিনমজুরকে হত্যার অভিযোগ উঠেছে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। বিক্ষুব্ধ গ্রামবাসী ওই দুজনকে আটক করার পর অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দিনমজুর মোখলেছ প্রামাণিকের (৪৮) বাড়ি পাশের বালিয়াদীঘি ইউনিয়নের দড়িপাড়া গ্রামে।
এ ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন গাবতলী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সবুর ও কনস্টেবল আবদুর রহমান। তবে আবদুস সবুরের দাবি, নির্যাতনে নয়, হৃদ্রোগে আক্রান্ত হয়েই মোখলেছ প্রামাণিকের মৃত্যু হয়েছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তবে পরে বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আটক নয়, অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দড়িপাড়া গ্রামের দিনমজুর মোখলেছ প্রামাণিক গত মঙ্গলবার ঘর মেরামতের জন্য পৈতৃক বাড়ির বাঁশঝাড় থেকে একটি বাঁশ কাটেন। বাঁশ কাটার ওই ঘটনায় তাঁর ভাই মজনু মিয়া থানায় গত বুধবার একটি লিখিত অভিযোগ করেন। থানার ওসি অভিযোগ তদন্তের জন্য এএসআই আবদুস সবুরকে নির্দেশ দেন। আবদুস সবুর গতকাল বেলা একটার দিকে কনস্টেবল আবদুর রহমানকে সঙ্গে নিয়ে দড়িপাড়া গ্রামে তদন্তে যান।
দড়িপাড়া গ্রামের প্রত্যক্ষদর্শী ১০ থেকে ১২ জন বলেন, পুলিশের ওই কর্মকর্তা সঙ্গে কনস্টেবল ও অভিযোগকারী মজনু মিয়াসহ তাঁর পক্ষের আট-দশজন লোক নিয়ে বেলা পৌনে একটার দিকে মোখলেছ প্রামাণিকের বাড়িতে যান। এ সময় মোখলেছ বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী বাতাসী বেগম পুলিশকে জানান, মোখলেছ পাশের মরিয়া গ্রামের আবদুল মোমিনের বাড়িতে গেছেন। এ সময় পুলিশের ওই কর্মকর্তা বাতাসী বেগমকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে মোখলেছকে ধরার জন্য মরিয়া গ্রামে যায় পুলিশ।
মরিয়া গ্রামের বাসিন্দা আবদুল মোমিন বলেন, ‘গ্রামের মসজিদে জোহরের নামাজ পড়ে মোখলেছ আমার বাড়িতে আসেন। আসার সময় দোকান থেকে একটা পাউরুটি কিনে আনেন। আমার বাড়িতে বসে তিনি সেই রুটি খাচ্ছিলেন। এমন সময় দুই পুলিশ বাড়িতে ঢুকেই মোখলেছকে ধরে ফেলেন। এরপর চুলের মুঠো ধরে এলোপাতাড়ি চড়-থাপড় মারতে মারতে বাড়ির বাইরে নিয়ে যান। সেখানে মোখলেছকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে লাথি মারতে থাকেন এএসআই আবদুস সবুর। একটু পরেই মোখলেছ মারা যান।’
মারিয়া গ্রামের বাসিন্দা প্রত্যক্ষদর্শী আবদুল মালেক বলেন, মোখলেছ মারা যাওয়ার পর একটি সিএনজি অটোরিকশা ডেকে লাশ নিয়ে পালানোর চেষ্টা করছিলেন ওই দুই পুলিশ। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘেরাও করে তাদের ধরে একটি ঘরে আটকে রাখে।
খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ও গাবতলী থানার ওসি রিয়াজ উদ্দিন অতিরিক্ত পুলিশ নিয়ে ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
সন্ধ্যায় গাবতলী মডেল থানায় অভিযুক্ত এএসআই আবদুস সবুর প্রথম আলোকে বলেন, ‘কোনো নির্যাতনে নয়, হার্ট অ্যাটাকে মোখলেছের মৃত্যু হয়েছে। নির্যাতনে মৃত্যু হলে লাশ ফেলে পালিয়ে আসতাম, কিন্তু আমরা তা না করে অটোরিকশা ডেকে লাশ থানায় আনতে চেয়েছিলাম। কিন্তু জনতা আমাদের ঘরে আটকে রাখে।’
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, ‘গাবতলীর সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিক তদন্তে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর হত্যা প্রমাণিত হলে অভিযুক্ত দুই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’