বগুড়ায় নৈশপ্রহরী খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার
বগুড়ার দুপচাঁচিয়ায় নৈশপ্রহরী খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার ও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা সদরের মণ্ডলপাড়ার গোলাম রব্বানী ও ডাকাহার গ্রামের আবদুল কুদ্দুস। তাঁদের গতকাল সোমবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহসান হাবীব তাঁদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খুনের ঘটনায় গত রোববার দুপুরে দুপচাঁচিয়া থানায় মামলা হয়েছে। গতকাল ভোরে বুলবুল হোসেন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই খুনের রহস্য উন্মোচনে পুলিশ তৎপর।
গত শনিবার রাতে দুপচাঁচিয়া বিপণিবিতানের নৈশপ্রহরী মোজাহার আলী (৫৫) খুন হন। দুর্বৃত্তরা ওই রাতে একটি সোনার দোকানের দরজার তালা কেটে ৫ ভরি সোনা ও ৪০ ভরি রুপার গয়না নিয়ে পালিয়ে যায়।
বিপণিবিতানের মালিক হাজি শামসুদ্দিন আহম্মেদ বলেন, ‘ঝাড়ুদার ভোরে মার্কেটে ঢুকে নৈশপ্রহরীর রক্তাক্ত লাশ দেখে চিৎকার দিলে আমি নিচে নেমে আসি। এরপরই পুলিশকে খবর দিই।’