বগুড়ায় পুরোহিতকে হত্যার হুমকি, কলেজছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর উপজেলার পীরগাছা এলাকায় মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে গতকাল শনিবার আবারও চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক তরুণকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
আটক হওয়া তরুণের নাম আশরাফুল ইসলাম। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি গাবতলী উপজেলার উজগ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার সদর উপজেলার পীরগাছা কেন্দ্রীয় কালীমাতা ও শিবমন্দিরের পুরোহিত মৃণাল কান্তি ভাদুরীকে হত্যার হুমকি দিয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের নামে উড়ো চিঠি আসে। ডাকযোগে পাঠানো চিঠিটি নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তাঁরা বিষয়টি প্রশাসনকে জানান। বৃহস্পতিবার বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আকতার জাহান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে তাঁরা অভয় দেন। একই সঙ্গে মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়।
পুরোহিত মৃণাল কান্তি ভাদুরী বলেন, গতকাল সকালে আইএসের নামে একই ধরনের হুমকি দিয়ে আরেকটি চিঠি মন্দির এলাকায় কে বা কারা ফেলে রেখে যায়। এ সময় কলেজছাত্র আশরাফুল ইসলামকে মন্দির এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় ব্যক্তিরা তাঁকে আটক করে পুলিশে দেন।
বগুড়া সদর থানার ওসি আবুল বাসার বলেন, জঙ্গিরা আগাম চিঠি দিয়ে হামলা করে না। কেউ আতঙ্ক সৃষ্টির জন্য জঙ্গিদের নামে উড়ো চিঠি দিয়েছে। মন্দির এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় একজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। চিঠি দেওয়ার ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।