বগুড়ায় পুলিশ-ডাকাত গুলিবিনিময়, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলায় ডাকাত দলের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়েছে। এতে দুই পুলিশ সদস্য ও তিন ডাকাত আহত হন। ওই তিন ডাকাতকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কাহালুর দুর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন আহসানুল হক (৪৬) ও মোমিনুল ইসলাম (৫২)। আটক তিনজন হলেন বগুড়ার গাবতলীর কদমতলী গ্রামের ঝন্টু মিয়া (৩৫), শাহজাহানপুরের চক দুর্গাপুর গ্রামের মোজাফফর হোসেন (৩০) এবং কাহালুর আখরাইল গ্রামের গোলাম মোস্তফা (৩৫)।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার রাত দুইটার দিকে উপজেলার দুর্গাপুর ব্র্যাক অফিস মোড় ও কালিপাড়ার মাঝামাঝি ফাঁকা এলাকায় ১৫-২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল অবস্থান নিয়েছে বলে খবর পায় পুলিশ। বগুড়ার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানিয়েই ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতেরা দুই দলে ভাগ হয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সময় তাদের ধাওয়া করে আহত তিন ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।

গোলাগুলির সময় পুলিশ সদস্য আহসানুল হক ও মোমিনুল ইসলাম আহত হন। রাতেই তাঁদের বগুড়া পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দিকে আহত ডাকাতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি নূর-এ-আলম সিদ্দিকী জানান, ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া ছোরা, দুটি লোহার শাবল, লোহা কাটার হাতিয়ার, চায়নিজ কুড়াল প্রভৃতি পাওয়া গেছে। ডাকাতেরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানান তিনি।