বগুড়ায় পুলিশের গুলিতে আহত ১
বগুড়া শহরের বাইপাস দ্বিতীয় সড়কের সাতগ্রাম বাজার এলাকায় আজ শুক্রবার বিকেলে পুলিশের গুলিতে আখতারুজ্জামান ওরফে রুবেল (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আখতারুজ্জামানের বাড়ি বগুড়া সদরের চান্দোপাড়া এলাকায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসারের ভাষ্য, শিয়া মসজিদে হামলার পর পুরো জেলায় পুলিশের বিশেষ তল্লাশি অভিযান চলছে। আজ ওই সড়কে তল্লাশি চলাকালে আখতারুজ্জামান মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পুলিশ তাঁকে থামার সংকেত দিলে তিনি না থেমে চলে যাওয়ার চেষ্টা করেন। তাঁকে থামাতে বাধ্য হয়ে গুলি ছুড়তে হয়। পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা আরও খতিয়ে দেখা হচ্ছে।
হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ফরহাদ হোসেন জানান, আখতারুজ্জামানের পিঠে তিনটি গুলি বিদ্ধ হয়। অস্ত্রোপচারের পর গুলি বের করা হয়েছে।
আখতারুজ্জামানের ছোট ভাই আতাউর রহমান বলেন, তাঁর ভাইয়ের নামে কোনো মামলা নেই। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত ভেটেরিনারি চিকিৎসক। কেন এমন ঘটনা ঘটল, তা তিনি জানেন না।
আরও পড়ুন: