বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
মদ্যপান নিয়ে গন্ডগোলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন শাকিল আহমেদ (২৬) ওরফে বিক্লাশ শাকিল নামের এক যুবক। পুলিশ বলছে, নিহত শাকিল তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। এ সময় বিশাল (২৬) নামে শাকিলের আরেক সহযোগীও ছুরিকাহতের শিকার হন। গতকাল শুক্রবার রাতে শহরের চকসুত্রাপুর সুইপার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে খুনের কারণ উদ্ঘাটন করতে পেরেছে পুলিশ। শাকিলের সহযোগীদের জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে, গতকাল শাকিলের জন্মদিন ছিল। সন্ধ্যায় জন্মদিনের পার্টি দেন শাকিল। সাঙ্গপাঙ্গদের নিয়ে জন্মদিনের কেক কাটেন। এরপর মদ্যপান করতে সাঙ্গোপাঙ্গদের নিয়ে তিনটি মোটরসাইকেলে চকসুত্রাপুর সুইপার কলোনিতে যান। মদ কিনতে অন্যদের পাঠিয়ে একটি গলির মুখে তিনজন অপেক্ষা করতে থাকেন। এ সময় মদের দুটি বোতল নিয়ে যাচ্ছিলেন প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের একজন সদস্য। শাকিল তাঁর কাছে মদ খেতে চান। এ মদ তাঁর গুরুর বলে জানান ওই সন্ত্রাসী। এ নিয়ে বিতর্ক হয়। পরে মদ বহনকারী (পুলিশ নাম জানলেও গণমাধ্যমে এখনই প্রকাশ করতে চাচ্ছে না) তাঁর দলের প্রধানের কাছে নালিশ করেন। এ সময় সন্ত্রাসী দলের প্রধান তাঁর সাঙ্গোপাঙ্গদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে শাকিল এবং তাঁর সহযোগীদের ওপর হামলা ও ছুরিকাহত করেন।
পুলিশ সূত্র জানায়, পরে শফিক আলম নামের আরেক সহযোগী ছুরিকাহত শাকিল ও বিশালকে মোটরসাইকেলে তুলে রাত ১০টার দিকে সদর থানায় আসে। হামলাকারীদের নাম জানানোর পর পুলিশ ছুরিকাঘাতে গুরুতর আহত শাকিল ও বিশালকে তাৎক্ষণিক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
সনাতন চক্রবর্তী বলেন, শাকিল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। শহরের কলোনিবাজার এলাকায় চাঁদাবাজি-অস্ত্রবাজিসহ নানা অপরাধে যুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইন, চাঁদাবাজি, মারামারিসহ সাতটি মামলা রয়েছে। কয়েক মাস আগে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে এক পা হারান তিনি। তবে এসব মামলায় জামিনে ছিলেন তিনি।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, ছুরিকাহতের পর গুরুতর জখম শাকিল ও বিশালকে অপর সহযোগী তৌফিক আলমের মোটরসাইকেলে তুলে দিয়ে সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করতে বলেন। তৌফিক তাঁর সহযোগীদের হাসপাতালে নিতে চাইলেও তাঁরা পুলিশের কাছে যেতে বলেন। পরে সদর থানায় আসার পর হামলাকারীদের নাম জানান তাঁরা। এ সময় দ্রুত তাঁদের হাসপাতালে পাঠানো হয়। শাকিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্রসহ বিভিন্ন ধারায় ছয় থেকে সাতটি মামলা আছে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ মণ্ডল বলেন, রাত ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা শাকিলকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শাকিলের সহযোগী বিশাল একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।