বগুড়ায় বন্দুকযুদ্ধে নিহত আবু মুসা ৯ মাস ধরে নিখোঁজ ছিলেন
বগুড়ার কাহালুতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত আবু মুসার বাড়ি পাবনা সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের বেতেপাড়া গ্রামে। পরিবারের দাবি, তিনি নয় মাস ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না।
আজ মঙ্গলবার বিকেলে সরেজমিনে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, পাবনা-পাকা সড়কের বাঁ পাশেই বেতেপাড়া গ্রাম। কাঁচা সড়ক ধরে একটু এগোলে আবু মুসাদের বাড়ি। বাড়িজুড়ে দারিদ্র্যের ছাপ। টিনের চারটি ঘর। সেখানে বাবা ও ভাইয়েরা থাকেন। পরিবারের এক সদস্য নিহত হওয়ার খবরেও কোনো হাহুতাশ নেই তাঁদের। মুসার ভাই আসলাম হোসেন জানান, তাঁরা পাঁচ ভাই। মুসা দ্বিতীয়। তাঁদের মা মারা গেছেন। বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। মুসা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। পাবনায় থাকতে রিকশা চালাতেন ও শ্রমিকের কাজ করতেন। ১০ বছর আগে বিয়ে করেছেন। তাঁর নিজেরও পাঁচজন ছেলেসন্তান রয়েছে। দুই বছর আগে বাবার সঙ্গে ঝগড়া করে স্ত্রী-সন্তানদের নিয়ে বগুড়ায় চলে যান। এরপর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না। সর্বশেষ নয় মাস আগে তিনি একবার বাড়িতে এসেছিলেন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন জানান, গ্রামে থাকতে মুসা প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মিশতেন না। নিজের মতো থাকতেন। মুসার ফুপু হালিমা খাতুন জানান, তাঁদের পাশের সাকান মার্কেট এলাকায় মুসার শ্বশুরবাড়ি। নয় মাস আগে মুসা বাড়ি থেকে বগুড়ায় ফিরে স্ত্রী-সন্তানদের ফেলে নিখোঁজ হন। এরপর স্ত্রী-সন্তানেরও আর কোনো খোঁজ নেননি। এ জন্য প্রায় আট মাস আগে তাঁর স্ত্রী বাবার বাড়ি চলে এসেছে।
যোগাযোগ করা হলে মুসার স্ত্রী মুসলিমা খাতুন প্রথম আলোকে জানান, স্বামীর (মুসার) কোনো খোঁজ না পেয়েই তিনি পাবনায় বাবার বাড়ি চলে এসেছেন। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। সন্তানদের নিয়ে তিনি বাবার বাড়িতে আছেন।
এ প্রসঙ্গে জানতে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, মুসা সম্পর্কে তাঁদের কিছু জানা নেই। বগুড়া থেকেও কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নে গতকাল সোমবার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় না জানাতে পারলেও পরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নিহত ব্যক্তির নাম আবু মুসা ওরফে আবু জার ওরফে আবু তালহা ওরফে সামিউল। তিনি নব্য জেএমবির পাবনা-কুষ্টিয়া-নাটোর-সিরাজগঞ্জ অঞ্চলের প্রধান ছিলেন।
পুলিশের ভাষ্য, গুলশান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আবু মুসা।