বগুড়ায় বাজিগরকে পুড়িয়ে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় বৈশাখী মেলায় শ্বাসরুদ্ধকর খেলা দেখিয়ে বাজিমাত করা আবু বক্কর সিদ্দিককে (৫৫) দগ্ধ অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুনে তাঁর শরীরের অর্ধেক অংশ পুড়ে গেছে। পয়লা বৈশাখে শহরতলির ফুলতলা জাহাঙ্গীরাবাদ সেনানিবাস এলাকায় খেলা দেখাতে গিয়ে এই অগ্নিদগ্ধের ঘটনা ঘটে।
আবু বক্কর সিদ্দিক কাহালু উপজেলার বড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগ করেছেন, খেলা দেখানোর কথা বলে আবদুস সামাদ নামে এক ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে এসে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ইচ্ছে করেই শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন।
গতকাল শুক্রবার হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে দেখা গেছে, কাতরাচ্ছেন আবু বক্কর সিদ্দিক। শরীরের নিম্নাংশ, দুই হাঁটু ও পিঠের চামড়া পুড়ে দগদগে ঘা হয়েছে।
আবু বক্কর সিদ্দিক বলেন, তিনি পেশায় বাজিগর। নানা উৎসব ও গ্রামীণ মেলায় খেলা দেখিয়ে স্ত্রী-সন্তানের মুখে খাবার তুলে দেন। এবারের বৈশাখী মেলায় বগুড়া অ্যাডওয়ার্ড পার্কে খেলা দেখানোর কথা ছিল তাঁর। কিন্তু পয়লা বৈশাখে ফুলতলায় আয়োজিত উৎসবে খেলা দেখানোর জন্য ১ হাজার ২০০ টাকায় চুক্তি করেন কাহালু উপজেলার ভালসন গ্রামের আবদুস সামাদ। বৃহস্পতিবার আবদুস সামাদ তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে ফুলতলার মেলায় যান। সেখানে ‘আগুন খেলা’ দেখানো শেষে আবদুস সামাদ ইচ্ছে করেই হাতে থাকা মশাল দিয়ে গায়ে আগুন জ্বালিয়ে দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিয়েছেন শাজাহানপুরের চণ্ডীবর গ্রামের অ্যাম্বুলেন্সচালক মুক্তার হোসেন বলেন, দুপুরের পর আগুন নিয়ে খেলা দেখাতে শুরু করেন আবু বক্কর। তিনি দর্শকের সামনেই শরীর ও মাথায় কেরোসিন ঢালেন। এরপর দুটো মশালে আগুন জ্বালিয়ে শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করেন। কিন্তু আগুন জ্বলছিল না। একসময় আবদুস সামাদের হাতে মশাল দেন। সামাদ আবু বক্করের শরীরে মশাল স্পর্শ করলে আগুন ধরে যায়। উপস্থিত লোকজনের চেষ্টায় আগুন নিভিয়ে লোকটাকে প্রাণে বাঁচানো সম্ভব হয়।
আবু বক্কর বলেন, ‘গোটা শরীরে মন্ত্র বাণ ছিল। কিন্তু মাথার চুলে বাণ ছিল না। সামাদকে মশাল ধরতে দিয়েছিলাম। শরীরে স্পর্শ করতে বলিনি। কিন্তু লোকটা সেটাই করেছে।’
হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার শহীদুল্লাহ দেওয়ান বলেন, আবু বক্কর সিদ্দিক এখন শঙ্কামুক্ত।