বগুড়ায় বাসের যাত্রীর দেহ তল্লাশি করে পাওয়া গেল ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা। ফাইল ছবি
ইয়াবা। ফাইল ছবি

বগুড়ায় চলমান মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে শহরের ঠনঠনিয়া কোচ টার্মিনাল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার বাসের যাত্রী ছিলেন ওই ব্যক্তি। বাস থেকে নামার পর তাঁকে দেখে সন্দেহ হলে দেহ তল্লাশি করে ইয়াবা পায় ডিবি।

আটক ব্যক্তির নাম মনির উদ্দিন (৬২)। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নূর-এ আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ডিবি পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী দূরপাল্লার একটি বাসে ইয়াবার চালান আসছে। সেই তথ্যের ভিত্তিতে ঠনঠনিয়া কোচ টার্মিনাল এলাকায় ডিবির একটি দল অবস্থান নেয়। দুপুর পৌনে ১২টার দিকে দূরপাল্লার বাস থেকে নামার পর যাত্রী মনির উদ্দিনের দেহ তল্লাশি করে ৮০০ ইয়াবা বড়ি পাওয়া যায়।

এ ঘটনায় ডিবির উপপরিদর্শক বেদার উদ্দিন বাদী হয়ে বগুড়া সদর থানায় মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।