বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের মাটিডালি এলাকায় গত শনিবার রাতে স্কুলছাত্র মাশুক ফেরদৌসকে (১৪) বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

মাশুক শহরের হাজিপাড়া মহল্লার বাসিন্দা। তার বাবা জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বেকারি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ইমদাদুল হক। সে শহরের এসওএস হারমেন মেইনার কলেজের নবম শ্রেণিতে পড়ত। এ ঘটনায় মাটিডালি বাজারের মুদিদোকানি বেলাল উদ্দিন ও তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া আরও এক কিশোরকে আটক করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে একই মহল্লার এক কিশোর ক্রিকেট খেলার কথা বলে মাশুককে বাসা থেকে ডেকে নিয়ে যায়। ওই কিশোর স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। সন্ধ্যায় বাসায় না ফেরায় পরিবারের লোকজন মাশুককে খোঁজাখুঁজি শুরু করে। যে কিশোর তাকে ডেকে নিয়েছিল, তার বাড়িতেও মাশুককে পাওয়া যায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে আটটার দিকে বাড়ি থেকে ৩০০ মিটার দূরে রক্তাক্ত অবস্থায় মাশুককে উদ্ধার করা হয়। দ্রুত তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মাশুকের বাবা ইমদাদুল হক অভিযোগ করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অনিয়ম করে বিদ্যালয়ের কমিটি গঠনসহ নানা বিষয়ে ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থাকা স্থানীয় একটি প্রভাবশালী পরিবারের সঙ্গে তাঁর বিরোধ চলছে। এর জের ধরে প্রতিপক্ষ তাঁর সন্তানকে হত্যা করেছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে এক কিশোর এই হত্যাকাণ্ডে জড়িত। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।