বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন
বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা শহরের নওয়াববাড়ি সড়কের জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ফটকে আগুন ধরিয়ে দেয়। পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের সমর্থকেরা এই হামলা চালিয়েছে বলে বিএনপি অভিযোগ করেছে। তবে জেলা আওয়ামী লীগ এবং পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শী ও জেলা বিএনপির দলীয় সূত্র জানায়, গতকাল রাত পৌনে আটটার দিকে ১৫ থেকে ২০ জন তালাবদ্ধ কার্যালয়ে হামলা করে। তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চেয়ার ভাঙচুর করে। এ সময় কার্যালয়ের ফটকে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।
বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেছেন, রাতের অন্ধকারে পুলিশের সহযোগিতায় ক্ষমতাসীন দলের লোকজন তালাবদ্ধ দলীয় কার্যালয়ে এই হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নওয়াববাড়ি সড়কের কয়েকজন ব্যবসায়ী প্রথম আলোকে জানান, হামলাকারীরা বিএনপির কার্যালয়ের ফটকে আগুন দিয়ে ঘটনাস্থল ত্যাগ করার পরপরই পুলিশ সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একটু পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান।
গত বুধবার রাতে শহরের ঝাউতলা এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের ব্যক্তিগত কার্যালয়ে পেট্রলবোমা হামলা চালানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। বিএনপির সভাপতি সাইফুলের দাবি, আগের রাতে জেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে হামলার সঙ্গে হরতাল-সমর্থকদের কোনো সংশ্লিষ্টতা নেই। অথচ ওই ঘটনার জের ধরে অযাচিতভাবে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে।
বগুড়া শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান বলেন, হরতাল-সমর্থকেরা জেলা সভাপতিকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পরপর তিনটি পেট্রলবোমা ছুড়ে মারে। তবে এসব বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে ভবনের বাইরে বিস্ফোরিত হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। বিএনপি কার্যালয়ে হামলার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার প্রশ্নই আসে না।