বগুড়ায় বিস্ফোরণের ঘটনায় তিন ভাইকে গ্রেপ্তার
বগুড়ার শেরপুরের জোয়ানপুর কুঠিরভিটা গ্রামের একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহতের ঘটনায় গতকাল বুধবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই তিনজন ওই বিস্ফোরণে নিহত নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য তরিকুল ইসলামের ভাই।
এই তিন ভাই হলেন সিরাজগঞ্জ সদরের জামুয়া গ্রামের মো. ছানাউলাহ, মো. লিয়াকত আলী ও মো. বরকত উলাহ। ছানাউলাহ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইসলামী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা, লিয়াকত আলী জামুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বরকত উলাহ একজন কৃষিজীবী।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই মামলার তদন্ত করছেন মিজানুর রহমান। তিনি বলেন, জোয়ানপুর কুঠিরভিটা গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত দুজনের মৃত্যু হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের একজন তরিকুল ইসলাম জেএমবির সদস্য। তরিকুলের ভাই হিসেবে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁর তিন ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, ওই বোমা বিস্ফোরণে নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, জোয়ানপুর কুঠিরভিটা গ্রামের মাহবুবুর রহমান তাঁর বাড়ি ভাড়া দেন মিজানুর রহমান নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালককে। ওই বাড়িতে ৩ এপ্রিল রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় করা তিনটি মামলায় বাড়ির মালিক মাহবুবুর রহমান ও তাঁর মেয়ে সুমাইয়া আখতারকে ১১ এপ্রিল রাতে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, বিস্ফোরণের ঘটনার পরের দিন ৪ এপ্রিল ঢাকা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২০টি হাতে তৈরি গ্রেনেড, চারটি বিদেশি পিস্তল, ৪০টি গুলি ও বোমা তৈরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ উদ্ধার করে। এ ঘটনায় ৫ এপ্রিল পুলিশ বাদী হয়ে শেরপুর থানায় সন্ত্রাসবিরোধী, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করে।