বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় প্রধান আসামি পৌর কাউন্সিলর
বগুড়া শহরের নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকার বালু ব্যবসায়ী হজরত আলী মণ্ডল (৩৫) হত্যা মামলায় ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল ইসলামকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। হজরত আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
হজরত আলীর মা মেরিনা বেগম বাদী হয়ে রোববার রাতে বগুড়া সদর থানায় এই হত্যা মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, ব্যবসার বিষয় নিয়ে পূর্বশত্রুতার জেরে জহুরুল ইসলামের নির্দেশে হজরত আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে নিশিন্দারা মণ্ডলপাড়া আমবাগান এলাকায় কাউন্সিলরের কার্যালয়ের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মামলায় আটজন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।
গত রোববার বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকেই হজরত আলীর স্ত্রী সাথী খাতুন পুলিশের কাছে অভিযোগ করে আসছিলেন, বিগত পৌরসভা নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাঁর স্বামী হজরত আলী। ওই সময় নির্বাচন থেকে সরে দাঁড়াতে হত্যার হুমকি দিয়েছিলেন বিজয়ী প্রার্থী জহুরুল ইসলাম। কথামতো সরে না দাঁড়ালে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিলেন। হুমকি উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হজরত আলী। সেই বিরোধ ছাড়াও ব্যবসায়িক বিরোধের জেরেই ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলামের নির্দেশে ভাড়াটে সন্ত্রাসীরা তাঁর স্বামীকে খুন করেছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলামসহ আসামিরা গা ঢাকা দিয়েছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।