বগুড়ায় ব্যাপক ধরপাকড়
বগুড়া থেকে রাজধানী ঢাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হয়েছে—গণমাধ্যমের কাছে পুলিশ মহাপরিদর্শকের এমন বক্তব্যের পর বগুড়ায় ব্যাপক ধরপাকড় চলছে। জামায়াত-শিবিরের সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে জেলাজুড়ে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
আজ রোববার বেলা ১টা পর্যন্ত ১২ ঘণ্টার বিশেষ অভিযানে শাজাহানপুর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ জামায়াত-শিবিরের ১৪ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়া ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে যুবদলের চার কর্মীকে।
আরিফুর রহমান বলেন, ‘রাজধানীর দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পলাতক আদমদীঘি থানার ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি এনামুল হক কামালের কুসুমদী গ্রামের বাড়িতে গতকাল শনিবার রাতে অভিযান চালানো হয়। গোপন বৈঠক চলছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো ওই অভিযানে বেশ কিছু জিহাদি বইসহ শিবিরকর্মী আব সাঈদ (২০) এবং আবদুর রাজ্জাক (২৮) এবং জামায়াতকর্মী মুকুল মিয়া (৪০) ও মোখলেছুর রহমানকে (৪০) আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।’
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির এ আটকের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোর আদমদীঘি প্রতিনিধিকে বলেন, আটককৃতদের কাছ থেকে প্রচুর জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে গত শুক্রবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপজেলা জামায়াতের নায়েবে আমির এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনুস আলীসহ দুই বিএনপি নেতা ও এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া গ্রেপ্তার এড়াতে উপজেলার জামায়াত ও বিএনপি শীর্ষ স্থানীয় নেতারা গা ঢাকা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নাশকতার গোপন পরিকল্পনার অভিযোগে গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাসান আলী (৪৫) কে তাঁর ডমনপুকুর নতুনপাড়ার বাড়ি থেকে আটক করা হয়েছে।
ওই দিন রাতে শাজাহানপুর-থানা পুলিশের অভিযানে মাদলা ইউনিয়ন জামায়াতের আমির গাজিউর রহমান (৫৫) এবং আড়িয়া ইউনিয়ন জামায়াতের রুকন সদস্য সাখাওয়াত হোসেনকেও (৪৮) আটক করা হয়। এ ছাড়া ইসলামি ছাত্রশিবিরের তিন কর্মী মোজাহেদুল ইসলাম (২৫), হাসানুল বান্না (২০) ও দেলোয়ার হোসেনকে (৩২) ডমনপুকুর এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
আটক মোজাহেদুল ও হাসানুল বান্না শাজাহানপুর উপজেলা জামায়াতের আমির আবদুস সালামের পুত্র এবং দেলোয়ার তাঁর জামাতা।
এদিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার প্রথম আলোকে বলেন, আজ বেলা একটার দিকে শহরের ফুলবাড়ি এলাকা থেকে পৌরসভার ১৯ নং ওয়ার্ডের সেক্রেটারি রুহুল আমিনকে আটক করা হয়েছে। শহরের শিববাটি এলাকা থেকে দুইটি বিদেশি চাকু, একটি চাপাতি, ২টি বড় ছোরা, তিনটি বড় হাসুয়া এবং ১০০ পিছ ইয়াবাসহ ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ ফেরদৌস চৌধুরীকে (৩৮) আটক করা হয়েছে। এ সময় তাঁর তিন সহযোগীকেও আটক হরা হয়েছে।
এ তিনজন হলেন, রফিকুল ইসলাম ২৮, সুমন ওরফে স্টালিন (১৭) ও আবু বক্কর সিদ্দিক (৩১)। পুলিশের ভাষ্য, তিনজনই যুবদলের কর্মী।
এর আগে গত শুক্রবার রাতে সদর থানা-পুলিশের পৃথক একটি দল শহরের কলোনি এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিবিরকর্মী আলমগীর হোসেন (২০), রামিন তালুকদার (১৯), সোহেল রানা (২০) ও আসাদুজ্জামানকে (২০) আটক করেছে।
এর আগে রাজধানীর দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বিএনপি ও জামায়াত সমর্থিত দুজন চেয়ারম্যানসহ বগুড়া থেকে গত শুক্রবার ২৫ জনকে আটক করা হয়। এর মধ্যে বগুড়া শহরের একটি ছাত্রাবাস থেকে আটক করা হয় ২১ জনকে। জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের দাবি, ওই ২১ জনই শিবিরের কর্মী।
রাজধানীতে পুলিশের এএসআই খুন ও হোসনি দালানে গ্রেনেড হামলার পর পুলিশের আইজি একেএম শহীদুল হক গতকাল শনিবার গণমাধ্যমের কাছে মন্তব্য করেন, ‘হামলা দুটি পরিকল্পিত এবং এগুলোর পরিকল্পনা হয়েছে বগুড়া থেকে।’