পুরোনো একটি ভটভটির জন্যই বগুড়ার গাবতলী উপজেলার ঠাকুরপাড়া গ্রামের ভটভটিচালক ডাবলুকে হত্যা করা হয়েছিল। বাড়ির মালামাল পরিবহনের কথা বলে ভটভটি ভাড়া নিয়ে দুপচাঁচিয়া উপজেলায় ডেকে নিয়ে তাঁকে হত্যা করেন একই উপজেলার পনিরপাড়া গ্রামের রিকশাচালক মো. সুলতান। হত্যাকাণ্ডের প্রায় আড়াই বছর পর গতকাল শনিবার বগুড়ার আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সুলতান এমন তথ্য দিয়েছেন।
গত শুক্রবার বগুড়ার পুলিশ জয়পুরহাট শহরের পাঁচুরচক এলাকা থেকে সুলতানকে (৩৫) গ্রেপ্তার করে। ডাবলুকে গতকাল সন্ধ্যায় বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। তিনি সেখানে ডাবলু (২০) হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ১২ অক্টোবর দুপচাঁচিয়া উপজেলার ধাপেরহাটে ভটভটি নিয়ে বের হওয়ার পর ডাবলু নিখোঁজ হন। ১৭ অক্টোবর হাটের পাশে একটি ইটভাটাসংলগ্ন ধানখেত থেকে ডাবলুর লাশ উদ্ধার করা হয়। কিন্তু ওই সময় তাঁর পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় স্থানীয় চৌকিদার আসলাম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা করেন এবং লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। এই হত্যারহস্য উদ্ঘাটন ও লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহে মাঠে নামে পুলিশ। হত্যারহস্য নিশ্চিত হওয়ার পর গত শুক্রবার জয়পুরহাট থেকে গ্রেপ্তার করা হয় সুলতানকে।
আদালত সূত্রে জানা গেছে, সুলতান জবানবন্দিতে বলেন, ২০১৩ সালে দুপচাঁচিয়া উপজেলার ধাপেরহাটে ভাড়া বাসায় থেকে ভ্যান চালাতেন। ওই সময়ে বাড়িওয়ালার ছেলে শাজাহান আলীর (৪০) সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। দুজন মিলে একটি ভটভটি ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, সুলতান গাবতলীর পনিরপাড়া থেকে বাড়ির কিছু মালামাল পরিবহনের জন্য ডাবলুর ভটভটি ভাড়া করেন। তাঁকে ধাপেরহাটে নেওয়ার পর কৌশলে রাত করে পাশের একটি ইটভাটায় নিয়ে গিয়ে শাজাহানকে সঙ্গে নিয়ে ইটের আঘাতে ডাবলুকে খুন করা হয়। পরে লাশ ধানখেতে ফেলে রেখে ভটভটি নিয়ে পালিয়ে যান। পরে ভটভটি বিক্রি করে দুজনে টাকা ভাগাভাগি করে নেন। এরপর তিনি জয়পুরহাট শহরের পাঁচুরচকে গিয়ে একটি বাসা ভাড়া নেন। এত দিন সেখানে থেকেই শহরে রিকশা চালাতেন।