বগুড়ায় ভুয়া হাকিম কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গতকাল সোমবার বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে হাফিজার রহমান আকন্দ নামের এক ভুয়া হাকিমকে আটক করে পুলিশে দেন ব্যবসায়ীরা। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে নয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।
হাফিজারের (৪০) বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান।
শেরপুর থানার উপপরিদর্শক ডেভিড হিমাদ্রী বর্মা বলেন, হাফিজার শেরপুর পৌরশহরে প্রায় চার মাস ধরে বিভিন্ন সময়ে নিজেকে নির্বাহী হাকিম পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতের নামে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায় করেন। গতকাল বেলা তিনটার দিকে তিনি স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় ডিম ব্যবসায়ী জনি শেখের দোকানে এসে একই কৌশলে টাকা আদায়ের চেষ্টা করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে আটক করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। আদালতের মাধ্যমে হাফিজারকে কারাগারে পাঠানো হয়েছে। শহরের সান্যালপাড়া মহল্লার ব্যবসাপ্রতিষ্ঠান ‘গোড়া স্টোর’-এর স্বত্বাধিকারী প্রলয় কুণ্ড বলেন, তাঁর কাছে হাফিজার প্রায় সাড়ে চার হাজার টাকা মূল্যের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে টাকা দেননি।