বগুড়ায় মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় সাত বছরের এক মেয়েশিশু ও তার মাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার নামুজা-ভান্ডারপাড়ার নিজ বাড়ি থেকে এ দুজনের লাশ উদ্ধার করেছে সদর থানা-পুলিশ।

হত্যাকাণ্ডের শিকার নারী হলেন ভান্ডারপাড়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী কাফিয়া বেগম (৩০) এবং তাঁর মেয়ে আয়েশা (৭)।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, গত সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাঁরা মনে করছেন। তবে হত্যাকাণ্ডের কারণ এবং হত্যাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তিনি বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে মা-মেয়েকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কাফিয়ার স্বামী গোলাম মোস্তফা ঢাকার একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী। শিশু আয়েশাকে নিয়ে বাড়িতে থাকতেন কাফিয়া। সোমবার রাতের খাবার খেয়ে মা-মেয়ে শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার বিকেল চারটার দিকে এ বাড়িতে আসেন কাফিয়ার মা। তিনি বাইরে থেকে ঘর তালাবদ্ধ দেখতে পান। ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায় আশপাশের লোকজনকে বিষয়টি জানান। তারা তালা ভেঙে ঘরে ঢুকে খাটের ওপর মা-মেয়ের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।