বগুড়ায় মুরগির খামারে তৈরি হচ্ছিল লাচ্ছা, অভিযানে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া
বগুড়া

বগুড়া সদর উপজেলায় পোলট্রি খামারের এক পাশে ছিল মুরগি, অন্য পাশে তৈরি হচ্ছিল তাজ লাচ্ছা সেমাই। সেই সেমাইয়ের ছিল না বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন। অস্বাস্থ্যকর, ঘিঞ্জি ও দুর্গন্ধময় পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে তাজ লাচ্ছা কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার উপজেলার এরুলিয়া ইউনিয়নের শিকারপুর ইছাদহ পাড়ায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। পরে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন-২০০৯–এর ৪৩ ধারায় ওই কারখানার মালিক সেলিম হোসেনের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করা হয়।

শহরতলীর পূর্ব পালশার শাহী দইঘরের কারখানাতেও অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই তৈরি করায় কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রমজান মাসে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল। তিনি প্রথম আলোকে বলেন, ‘তাজ লাচ্ছা কারখানার বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই। এ ছাড়া মুরগির খামারের এক পাশে ছিল মুরগি, অন্য পাশে তৈরি হচ্ছিল লাচ্ছা। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ ছিল সেখানে। এ কারণে ওই কারখানা মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে দই তৈরি করায় শাহী দই কারখানা মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’