বগুড়ায় মেলার নামে জুয়া ও অশ্লীল নাচ
‘বাংলার মাটি ৫০ টাকা, ভিআইপি ১০০ টাকা। আসুন, দেখুন, মজা করুন। আজকে যা দেখবেন, কাল তা পাবেন না।’ বগুড়ার ঠেঙ্গামারায় বিজয় মেলা প্রাঙ্গণে গত রোববার রাত পৌনে ১২টায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মাইকে ভেসে আসে কথাগুলো।
মহান বিজয় দিবস ২০১৬ উপলক্ষে মাসব্যাপী এ মেলার আয়োজক বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)। সরেজমিনে দেখা যায়, নামে বিজয় মেলা হলেও এখানে জমেছে মূলত জুয়া ও অশ্লীল নাচের আসর।
হাউজি, ওয়ানটেন, ডাবু, চরকি, চরচরি, বউ, বেল পার্টি ইত্যাদি খেলার জন্য মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। অন্যদিকে মাইকিং চলছে ‘ঝুমুর ঝুমুর নাচ’ দেখার জন্য।
এদিকে মেলা বন্ধে ১৮ ডিসেম্বর বিবৃতি ও ২০ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছে জেলা যুবলীগ।
রোববার রাতে গিয়ে দেখা গেছে, মেলা প্রাঙ্গণটি টিএমএসএসের প্রধান কার্যালয়সংলগ্ন। পাশেই টিএমএসএস মেডিকেল কলেজ, রফাতউল্লাহ কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল, টিএমএসএস পরিচালিত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাস।
মেলার বিশাল প্যান্ডেলের নিচে প্রায় এক হাজার মানুষ হাউজি খেলছেন। পাশে আলাদা প্যান্ডেলে ওয়ানটেন, বউ, ডাবুসহ বিভিন্ন খেলা খেলছেন আরও ৫০০ জনের মতো। মেলা প্রাঙ্গণে পাজেরো জিপ, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ ২০০ গাড়ি দাঁড়িয়ে আছে। টিকিট কেটে পাশেই আরেকটি প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখা যায় বাঁশের বেড়া দিয়ে একটি অংশ আলাদা করা। প্লাস্টিকের চেয়ার পাতা সেখানে। এটাই ‘ভিআইপি’। বেড়ার বাইরে মাটিতে দাঁড়িয়ে ৫০ টাকার টিকিট কেটে যাঁরা দেখছেন, সেটা ‘বাংলার মাটি’।
জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, অশ্লীল নাচ, যাত্রা, জুয়া, হাউজির আসর না বসানোসহ মোট ১২টি শর্তে টিএমএসএসকে ১৯ ডিসেম্বর থেকে এক মাসের জন্য মেলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
ডিসি আরও বলেন, ‘শর্ত ভঙ্গ করলে মেলা বন্ধ করতেও কোনো সমস্যা নেই।’
নাচ ও জুয়া প্রসঙ্গে ডিসি বলেন, ‘আমি খতিয়ে দেখব এবং প্রয়োজন হলে মোবাইল কোর্টের ব্যবস্থা করব।’
টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ডিসি কার্যালয় থেকে বিজয় মেলার অনুমোদন নেওয়া হয়েছে, জুয়া-যাত্রার নয়। তিনি বলেন, ‘গতবার আমরাই মেলা করেছিলাম। এবার রাজনৈতিক প্রভাবশালীরা বললেন তাঁরাকরবেন।’
প্রভাবশালীদের নাম জানতে চাইলে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের কথা বলেন। বগুড়ার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামানকে সঙ্গে নিয়ে ১৫ ডিসেম্বর মমতাজ উদ্দিনই এই মেলার উদ্বোধন করেন।
টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা এ-ও বলেন, ‘আমি মনে করি জঙ্গিবাদ ও কূপমণ্ডূকতা থেকে বের হতে গেলে মানুষের আনন্দ-ফুর্তির দরকার আছে।’
বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং সরকারি আজিজুল হক কলেজের সাবেক এজিএস আমিনুল ইসলাম অভিযোগ করেন, শুধু টিএমএসএস প্রাঙ্গণ নয়, শহরতলির এসওএস হারম্যান মেইনর স্কুলের পাশে, শিবগঞ্জ উপজেলার ভাইয়ের পুকুর ও কিচক বাজারে, কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের পশ্চিম ভুগইল এবং গাবতলী উপজেলার গোলাবাড়িতেও চলছে একই ধরনের জুয়া-হাউজির আসর।
জেলা প্রশাসন ও পুলিশ সব জানলেও এগুলো বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না; বরং গত রোববার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান জুয়া-যাত্রার কথা সরাসরি অস্বীকার করেন। তিনি বলেন, ‘কোনো মেলায় জুয়া, হাউজি, যাত্রা হচ্ছে না।’
সোমবার রাত আটটায় মুঠোফোনে যোগাযোগ করলে এসপি আসাদুজ্জামান বলেন, জুয়া-যাত্রার আসর রোববার রাতেই বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে এই দুই প্রতিবেদক সরেজমিন ঘুরে রোববার সারা রাতই এসব চলতে দেখেছেন।