বগুড়ায় যুবলীগ নেতা, চট্টগ্রামে ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় মনিরুজ্জামান মা​নিক না​​মের একজন যুবলীগ নেতাকে কুপিয়ে ও চট্টগ্রামে নূর মোহাম্মদ নামের একজন ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাতে এ ঘটনা দুটি ঘটে।

বগুড়া ও চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো খবর:

আজ রাত সাড়ে আটটার দিকে বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় মনিরুজ্জামান মানিক নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাতুল ইসলাম নামের আরও এক ব্যক্তি আহত হয়েছেন। মনিরুজ্জামান সাবগ্রাম বন্দর যুবলীগের সভাপতি ও রাতুল যুবলীগের কর্মী।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল মনিরুজ্জামান মানিকের। ওই বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তিনি আরও জানান, হামলাকারীরা মানিককে ঘটনাস্থলেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় সহযোগী রাতুলকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম: রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহরের সবুজবাগ এলাকায় নূর মোহাম্মদ নামে এক জমি ব্যবসায়ীকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় আলী আকবর (৩৫) নামের আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

নূর মোহাম্মদের শ্বশুর আবুল ফয়েজ প্রথম আলোকে বলেন, রাত সোয়া নয়টার দিকে কয়েকজন ব্যক্তি নূর মোহাম্মদকে তাঁর সবুজবাগের বাসা থেকে ডেকে নিয়ে যান। সন্ত্রাসীরা তাঁর শরীরে গুলি করে ও কুপিয়ে গুরুতর জখম করে সবুজবাগ এলাকার ছখিনা মঞ্জিলের পাশের নালায় ফেলে যায়। আহত অবস্থায় নূর মোহাম্মদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত আলী আহমেদের বাঁ হাতে ধারালো অস্ত্রের আঘাত করা হয়। তাঁকে হাসপাতালের ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল মুঠোফোনে প্রথম আলোকে জানান, নূর মোহাম্মদ জমি ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর হত্যার মূল কারণ জানা যাবে।