বগুড়ায় যুবলীগ নেতাসহ দুজন ও ঠাকুরগাঁওয়ে গৃহবধূ খুন
বগুড়া শহরতলিতে গত শুক্রবার হোটেল ব্যবস্থাপক ও আদমদীঘিতে গত রোববার যুবলীগ নেতা খুন হয়েছেন। এদিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গতকাল সোমবার এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।
আদমদীঘি থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিহিগ্রাম গ্রামের আঙ্গুর হোসেন বিহিগ্রাম বাজার এলাকার ডিস লাইনের কেব্ল (তার) চুরি করেন। ঘটনাটি উপজেলা যুবলীগের সাবেক নির্বাহী সদস্য ব্যবসায়ী জাকির হোসেনসহ (৪৫) গ্রামবাসী জানতে পেরে তাঁরা আঙ্গুরের কাছ থেকে তারগুলো উদ্ধার করেন। এর জের ধরে গত রোববার সন্ধ্যারাতে আঙ্গুর তাঁর লোকজন নিয়ে বিহিগ্রাম বাজারে এসে জাকিরকে গালিগালাজ করেন। জাকির এর প্রতিবাদ করলে তাঁরা তাঁকে পেটান। এ সময় জাকির মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে বাজারের লোকজন জাকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গতকাল সোমবার জাকিরের ছেলে সবুজ হোসেন একই গ্রামে আঙ্গুর, আবদুল মান্নান, হেলাল উদ্দিন, উজ্জ্বল হোসেন ও আশরাফ আলী, রফিকুল ইসলাম, রফিকুলের ছেলে আলিফ হোসেনের নাম উল্লেখ করে ১০-১১ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
মামলার আসামিরা পলাতক থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আদমদীঘি থানার ওসি শওকত কবির বলেন, পুলিশ হেলাল নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।
বগুড়ায় খাবারের বিল চাওয়ায় সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে মুশফিকুর রহমান (২৪) নামের এক হোটেল ব্যবস্থাপক খুন হয়েছেন। গত শুক্রবার রাত একটার দিকে শহরতলির সিলিমপুর এলাকায় বিপ্লব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। মুশফিকুর শহরের পালশা এলাকার বাসিন্দা। এ ঘটনায় জড়িত চার সন্ত্রাসীকে পুলিশ ঈদের দিন সকালে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার চারজন হলেন মুরাদ, ওলিদ, শিপন ও সঙ্গীত।বগুড়া শহরের মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই আশুতোষ মিত্র বলেন, এ ঘটনায় হোটেলমালিক বিপ্লব হোসেন সদর থানায় হত্যা মামলা করেছেন।
এদিকে বালিয়াডাঙ্গীর বোয়ালধার গ্রামে নাসরিন আক্তার (২০) নামের এক গৃহবধূকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। গতকাল তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বোয়ালধার গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
নাসরিনের বাবা নাজিম উদ্দীন বলেন, কয়েক মাস আগে পাঁচ লাখ টাকা যৌতুকের বিনিময়ে রেজাউলের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে আরও যৌতুকের জন্য নাসরিনকে নির্যাতন করত রেজাউলের পরিবার। রোববার দুপুরে তিনি নাসরিনের সঙ্গে দেখা করতে যান। বিকেলে তিনি বাড়ি ফিরে আসেন। সন্ধ্যায় নাসরিনের শ্বশুরবাড়ির লোকজন তাঁকে (নাজিম) মুঠোফোনে জানান, তাঁর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে স্থানীয় লোকজন গৃহবধূর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে লাশটি নাসরিনের বলে শনাক্ত হয়।
ওসি মোস্তাফিজার রহমান বলেন, ওই গৃহবধূকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন বগুড়া, আদমদীঘি ও ঠাকুরগাঁও প্রতিনিধি}