বগুড়ায় যুবলীগের সঙ্গে সংঘর্ষে নিহত ছাত্রলীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইব্রাহীম হোসেন
ইব্রাহীম হোসেন

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। তাঁর নাম ইব্রাহীম হোসেন ওরফে সবুজ (২১)। তিনি সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র এবং ছাত্রলীগের বাংলা বিভাগ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদের ছোট ভাই ও একই কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী রিপন আহমেদের সঙ্গে রিকশাভাড়া নিয়ে শহরের ফুলবাড়ী এলাকায় রিকশাচালকের ঝগড়া বাধে। রিপন রিকশাচালককে মারধর করেন। এ সময় সেখানে থাকা যুবলীগের নেতা নুরুল ইসলামের এক কর্মী (নাম জানা যায়নি) রিকশাচালকের পক্ষ নিয়ে রিপনকে মারধর করেন। পরে রিপন বিষয়টি তাঁর বড় ভাই ছাত্রলীগের নেতা বেনজিরকে জানালে তাঁর নেতৃত্বে ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী সেখানে যান। এই নেতা-কর্মীদের মধ্যে ইব্রাহীম হোসেনও ছিলেন। এ সময় তাঁরা নুরুল ইসলামের ওই কর্মীকে মারধর করেন। খবর পেয়ে নুরুল ইসলাম তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে ওই কর্মীকে উদ্ধার করতে আসেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে নুরুল ইসলাম ও তাঁর সহযোগীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজের সামনের সড়কে অবস্থান নিলে নুরুল ইসলামের নেতৃত্বে তাঁর সহযোগীরা ইব্রাহীম হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিবলু শেখও আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি গুলি ছোড়ে। আহত ইব্রাহীম হোসেনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কলেজ ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদ অভিযোগ করেন, কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে বৃন্দাবনপাড়ার স্থানীয় কিছু সন্ত্রাসী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল। ওই সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত করে পুলিশ মাদকের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করছিল। তারাই ইব্রাহীমকে পুলিশের সামনে ছুরিকাঘাত করে। পুলিশ এ সময় নির্বিকার ছিল।

তবে বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘রিকশাভাড়া কম দেওয়াকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। পুলিশের সামনে নয়, পুলিশের বাধা অতিক্রম করে ছাত্রলীগের নেতা-কর্মীরা বৃন্দাবনপাড়ার গলিতে ঢুকে পড়লে স্থানীয় লোকজন তাঁদের ওপর হামলা চালিয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।’

জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ইব্রাহীম হত্যাকাণ্ডে যুবলীগের নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ছাত্রলীগের নেতাকে হত্যার প্রতিবাদে বেলা সাড়ে তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শহরের সাতমাথা এলাকা অবরোধ করা হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল এসে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।