বগুড়ায় রড দিয়ে আঘাত করে বাবাকে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে নান্নু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে তাঁর ছেলে রড দিয়ে আঘাত করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বগুড়া শহরতলির বারপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শুক্রবার ভোরে ছেলে তোতা মিয়াকে (২০) পুলিশ গ্রেপ্তার করেছে।
এদিকে একই রাতে শহরতলির ছোট কুমিড়া এলাকায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে মামুন (২৪) নামের অটোরিকশাচালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত মামুন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বেলতা বানদীঘি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বগুড়া সদর থানার পুলিশ ও এলাকার দুজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাতে খাবার খেতে বসে বারপুর এলাকার নান্নু মিয়ার সঙ্গে তাঁর ছেলে তোতা মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তোতা মিয়া ক্ষিপ্ত হয়ে রড দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান নান্নু মিয়া।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বেলতা বানদীঘি গ্রামের মামুন বগুড়া শহরে থেকে অটোরিকশা চালাতেন। বৃহস্পতিবার শহরের একটি গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে শহরে বের হন। শুক্রবার রাতের কোনো এক সময় তাঁকে শহরতলির ছোট ও বড় কুমিড়ার মধ্যবর্তী স্থানে নিয়ে মাথায় আঘাত করে হত্যার পর যাত্রীবেশী দুর্বৃত্তরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার ও খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।