বগুড়ায় রাস্তা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলায় গ্রামের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। গত বুধবার রাতে গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের টিওরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর এবং গরু-বাছুর লুট করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের একটি রাস্তা দখল করে একই গ্রামের কুদ্দুস ও মাফু গ্রুপের লোকজন বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন। এ কারণে ওই রাস্তায় জনগণের চলাচল বন্ধ হয়ে গেছে। এই রাস্তাটিই আবার দখলমুক্ত করার জন্য চেষ্টা করছিলেন একই গ্রামের ইলিয়াস ও মোহাম্মদ আলী গ্রুপের লোকজন। বিষয়টি নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে বুধবার রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচ-সাতজন আহত হয়। আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় কুদ্দুস ও মাফু গ্রুপের সদস্য শহিদ (২০) মারা যান।
গাবতলী মডেল থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, টিওরপাড়া গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। লুট করে নিয়ে যাওয়া গরু-বাছুর উদ্ধারের চেষ্টা চলছে।