বগুড়ায় রেটিনা ও ফোকাস কোচিং সেন্টারে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরে রেটিনা ও ফোকাস কোচিং সেন্টারের তিনটি শাখায় গতকাল মঙ্গলবার রাতে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
পুলিশ হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানিয়েছে, হামলাকারীরা ক্ষমতাসীন দলের লোকজন। রাত নয়টার দিকে প্রথমে শহরের সূত্রাপুর এলাকায় রিয়াজ কাজী লেনে রেটিনা ও ফোকাস কোচিংয়ের দুটি শাখায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। রাত সোয়া নয়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ-সংলগ্ন জলেশ্বরীতলায় এলাকায় ফোকাস কোচিং সেন্টারের শাখায় হামলা, ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, রাজধানীর কল্যাণপুরের একটি বাসায় গতকাল ভোরে জঙ্গিবিরোধী অভিযানে আহত অবস্থায় ধরা পড়া বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী রাকিবুল হাসান উচ্চমাধ্যমিক পাস করার পর গত বছর রেটিনা কোচিং সেন্টারে ভর্তি হন। কোচিংয়ের কথা বলে বাড়ি থেকে বের হয়ে গত বছরের জুলাইয়ে রাকিবুল ‘নিখোঁজ’ হয় বলে তাঁর পরিবার দাবি করে আসছে। মঙ্গলবার বিষয়টি জানাজানি হওয়ার পর রাতে এ হামলার ঘটনা ঘটে।
বগুড়া শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, একদল বিক্ষুব্ধ যুবক বগুড়ায় ইসলামি ছাত্রশিবির নিয়ন্ত্রিত রেটিনা ও ফোকাস কোচিং সেন্টারের তিনটি শাখায় হামলা ও ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তাঁরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সটকে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সূত্রাপুর এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, রাত সোয়া নয়টার দিকে শতাধিক বিক্ষুব্ধ যুবক রিয়াজ কাজী লেনের একই ভবনে অবস্থিত রেটিনা ও ফোকাস কোচিং সেন্টারের দুটি শাখায় হামলা ও অগ্নিসংযোগ করেন। এতে ক্ষমতাসীন দল ও ছাত্রলীগের লোকজন জড়িত ছিলেন।
আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকার প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, আধঘণ্টা ধরে হামলা-ভাঙচুরের পর হামলাকারীরা ফোকাস কোচিং সেন্টারের মালামাল লুট করে ও আগুন ধরিয়ে দেন।
রেটিনা কোচিং সেন্টারের পরিচালক শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘দিনে কোচিং ক্লাস নেওয়ার পর সন্ধ্যায় তা তালাবদ্ধ ছিল। আগুনে কোচিং সেন্টারের ল্যাপটপ, কম্পিউটারসহ সব মালামাল পুড়ে গেছে। যেহেতু সেখানে আমাদের কেউ ছিল না, সেহেতু হামলাকারী কারা তা আমাদের অজানা।’
তবে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে গোটা দেশের মানুষ ফুঁসে উঠেছে। জঙ্গিবাদের সঙ্গে শিবিরনিয়ন্ত্রিত ওই দুটি কোচিং সেন্টারের নাম আসায় বিক্ষুব্ধ জনতা হামলা করে থাকতে পারে। এর সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নন।