বগুড়ায় রেটিনা-ফোকাস কোচিং সেন্টারের তিন শাখায় অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় রেটিনা কোচিং সেন্টার ও ফোকাস কোচিং সেন্টারের তিনটি শাখায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে।

আজ মঙ্গলবার রাত নয়টার দিকে শহরের সূত্রাপুর এলাকার রিয়াজ কাজী লেনে রেটিনা ও ফোকাস কোচিংয়ের দুটি শাখায় হামলা ও অগ্নিসংযোগ হয়। সোয়া নয়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন জলেশ্বরীতলায় এলাকায় ফোকাস কোচিং সেন্টারের একটি শাখায় হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে।

কে বা কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি। তবে, প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানিয়েছে, হামলাকারীরা ক্ষমতাসীন দলের লোকজন।

রাজধানীর কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে আহত অবস্থায় ধরা পড়েন বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী রাকিবুল হাসান রিগেন। তিনি উচ্চমাধ্যমিক পাসের পর গত বছর রেটিনা কোচিং সেন্টারে ভর্তি হন। কোচিংয়ের কথা বলে বাড়ি থেকে বের হয়ে গত বছরের জুলাই মাসে রাকিবুল ‘নিখোঁজ’ হয় বলে তাঁর পরিবার দাবি করে আসছেন। আজ রাকিবুল আহত অবস্থায় ধরা পড়ার পরই রাতে এ হামলার ঘটনা ঘটে।

বগুড়া শহর ফাঁড়ির উপপরিদর্শক ফজলে এলাহী রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ছাত্রশিবির নিয়ন্ত্রিত বগুড়ায় রেটিনা ও ফোকাস কোচিং সেন্টারের তিনটি শাখায় হামলা ও ভাঙচুর করেছে একদল বিক্ষুব্ধ যুবক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তাঁরা ভাঙচুর-অগ্নিসংযোগ চালিয়ে সটকে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সূত্রাপুর এলাকার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাত সোয়া নয়টার দিকে শতাধিক বিক্ষুব্ধ যুবকেরা রিয়াজ কাজী লেনের একই ভবনে রেটিনা ও ফোকাস কোচিং সেন্টারের দুটি শাখায় হামলা ও অগ্নিসংযোগ করে।

রেটিনা কোচিং সেন্টারের পরিচালক শরিফুল ইসলাম মোবাইলে প্রথম আলোকে বলেন, দিনে কোচিংয়ে ক্লাস নেওয়ার পর সন্ধ্যার পর তালাবদ্ধ ছিল। আগুনে কোচিং সেন্টারের ল্যাপটপ, কম্পিউটারসহ সব মালামাল পুড়ে গেছে। যেহেতু সেখানে কেউ ছিল না, সেহেতু হামলাকারী কারা সেটাও আমাদের অজানা।

এদিকে আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, আধঘণ্টা ধরে হামলা-ভাঙচুরের পর ফোকাস কোচিং সেন্টারের মালামাল লুটতরাজ করে হামলাকারীরা। হামলাকারীদের মধ্যে অনেকেই ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের সঙ্গে জড়িত বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে গোটা দেশের মানুষ ফুঁসে উঠেছে। জঙ্গিবাদের সঙ্গে শিবির নিয়ন্ত্রিত ওই দুটি কোচিং সেন্টারের নাম আসায় বিক্ষুব্ধ জনতা হামলা চালাতে পারে। এর সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়।