বগুড়ায় রেলওয়ের লোক দেখানো উচ্ছেদ অভিযান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় গতকাল সোমবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে স্থায়ী স্থাপনা রেখে শুধু ভাসমান স্থাপনা উচ্ছেদ করায় এই অভিযানকে ‘লোক দেখানো’ হিসেবেই দেখছেন অনেকে।

অভিযানের পর রেললাইনের দুপাশে গড়ে ওঠা অবৈধ কয়েক শ স্থায়ী দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িসহ বিভিন্ন স্থাপনা আগের মতোই রয়ে গেছে। তবে রেলওয়ে বলছে, উচ্ছেদ অভিযানে প্রায় চার শতাধিক অস্থায়ী স্থাপনা এবং মাত্র ছয়টি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নিয়মানুযায়ী রেললাইন থেকে ২০ ফুটের মধ্যে কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণ অবৈধ হলেও বগুড়া রেলওয়ে স্টেশন এলাকার প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে রেললাইনের দুপাশে ২০ ফুটের ভেতরে শত শত স্থায়ী স্থাপনা গড়ে তোলা হয়েছে। গড়ে উঠেছে মার্কেট, বিপণি। এতে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় গত সোমবার রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা আবদুল মান্নানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাসমান ও অস্থায়ী চার শতাধিক দোকান উচ্ছেদ করা হলেও অক্ষত থাকে স্থায়ী স্থাপনা। অভিযান শেষ হওয়ার পরপরই দখল হয়ে যায় উচ্ছেদ করা অংশ।

রেলওয়ে ভূসম্পত্তি কর্মকর্তা আবদুল মান্নান বলেন, লোকবল আর প্রয়োজনীয় বাজেট না থাকায় রেললাইন-সংলগ্ন এলাকা পুরোপুরি দখলমুক্ত করা সম্ভব হচ্ছে না। অবৈধ দখলদারদের চিহ্নিত করে শিগগিরই আরেক দফা অভিযান চালানো হবে।

রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা রেজোয়ানুল হক বলেন, রেললাইন-সংলগ্ন স্থাপনা ট্রেন চলাচলে ব্যাপক ঝুঁকি তৈরি করে।