বগুড়ায় শিয়া মসজিদে হামলা : আরেক 'জেএমবি সদস্য' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় শিয়া মসজিদে হামলার ঘটনায় আবদুল মোমিন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে আজ বুধবার সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। এ নিয়ে ওই হামলার ঘটনায় হওয়া মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ বলছে, আবদুল মোমিন নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তাঁর কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্র বগুড়ায় শিয়া মসজিদে হামলায় ব্যবহারও করা হয়েছিল।

গত ২৬ নভেম্বর সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার চককানুপুর গ্রামে মসজিদ-ই-আল মোস্তফা শিয়া মসজিদে বন্ধুকধারীদের হামলার ঘটনা ঘটে। হামলায় ইমাম-মুয়াজ্জিনসহ চারজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৫৮)।

আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আবদুল মোমিনের গ্রামের বাড়ি শাহজাহানপুর উপজেলার কামারপাড়া মধ্যপাড়া এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে তিনটার দিকে তাঁর বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আবদুল মোমিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে একে-২২ বোরের একটি রাইফেল, একটি বিদেশি পিস্তল এবং ৫২টি গুলি উদ্ধার করা হয়।

এসপি বলেন, বগুড়ায় মসজিদ-ই-আল মোস্তফা শিয়া মসজিদে হামলার ঘটনায় মোমিন জড়িত বলে তথ্য পাওয়া গেছে। এরপর থেকে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার করা একে-২২ আগ্নেয়াস্ত্রটি শিয়া মসজিদের হামলার ঘটনায় ব্যবহৃত হয়েছিল।

সংবাদ সম্মেলনের পর পুলিশ আবদুল মোমিনকে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবদুল মোমিনের স্ত্রী ফারহানা আকতার বলেন, ‘গত ১৪ ফেব্রুয়ারি আমার সঙ্গে আবদুল মোমিনের বিয়ে হয়। গতকাল মধ্যরাতে শব্দ শুনে ঘুম ভেঙে যায়। পরে দেখি, মোমিনের হাতে হাতকড়া। পুলিশ গুলি গুনছে। ঘরে পিস্তল-রাইফেল ছিল কি না, সেটা বলতে পারি না।’ তিনি আরও বলেন, ‘দিনের বেলা বাড়িতে কিছু শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন আবদুল মোমিন। প্রাইভেট পড়ানো শেষ হলে পাশের ডেমাজানি-পরানবাড়িয়া আল জামিয়া মিজবাহুল ইসলামি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।’