বগুড়ায় সরকারি বই বিক্রির চেষ্টা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার কাশিমিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি ১৪৬টি বই বিক্রির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিদ্যালয় থেকে বইগুলো তাঁর বাড়ি নেওয়ার সময় গ্রামবাসী জব্দ করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের মাঠে গ্রামবাসী বিক্ষোভ করেন।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিতরণের পর বিনা মূল্যের ১৪৬টি বই উদ্বৃত্ত থাকে। প্রধান শিক্ষক নুরজাহান বেগম সেগুলো বস্তায় ভরে বিদ্যালয়ে রেখে দেন। মঙ্গলবার দুপুরে এগুলো বিক্রির উদ্দেশ্যে ভ্যানে করে তাঁর বাড়ি পাঠাচ্ছিলেন। গ্রামের এক বাসিন্দার নজরে এলে তিনি বইগুলো জব্দ করেন। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী বিদ্যালয় মাঠে জড়ো হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেন। সন্ধ্যায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে নুরজাহান বেগম বলেন, বই বিক্রির চেষ্টার অভিযোগ ঠিক নয়। এ গ্রামে তিনি কিছু জমি বর্গা নিয়ে চাষ করেন। ভ্যানচালক ভুল করে ধানের বস্তার সঙ্গে বইয়ের বস্তাও ভ্যানে তুলে নিয়েছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান গতকাল বুধবার বলেন, এ ঘটনায় বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ইউএনও রেজাউল করিম বলেন, এ ঘটনায় কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করা হবে।