বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদাকে লক্ষ করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রাজশাহীতে মেডিকেল কলেজছাত্র ও ছাত্রলীগের নেতা শাকিরুল ইসলামকে নিজ বাড়ির সামনে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার সন্ধ্যায় এ তিনটি ঘটনা ঘটে।
আসাদুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি শাহজাহানপুর উপজেলার ফুলদীঘির বাসায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ছয়-সাতজন নেতা-কর্মীর সঙ্গে গল্প করছিলেন। সাড়ে সাতটার দিকে বাসার প্রধান ফটক থেকে তাঁকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়। তবে এতে কেউ আহত হননি। শত্রুতার জের ধরেই স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠী তাঁকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার সাবেক আহ্বায়ক কামরুল হুদা জানান, ৫ অক্টোবর ভোরে তাঁর শয়নকক্ষের জানালা দিয়ে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেয়ালে লাগে। শত্রুতার জের ধরে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র কয়েক দিন আগে বাসা থেকে তাঁর মোটরসাইকেল নিয়ে যায়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) নুরে-ই-আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শাকিরুল খুলনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের মেডিকেল কলেজ শাখার প্রচার সম্পাদক। তাঁর বাবা নুরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক। বিনোদপুরে একটি ভাড়া বাড়িতে থাকেন তাঁরা। ওই বাড়ির সামনেই ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, ঘটনার দিন তাঁদের বাসায় অনেক অথিতি আসেন। তাঁদের বিদায় করে বিকেল পাঁচটার দিকে শাকিরুল ও তাঁর ছোট ভাই সামিউল ইসলাম চা খাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তাঁরা বাইরের গেটে তালা দেওয়ার সময় সাত-আটজন সশস্ত্র সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। এ সময় সামিউল দৌড়ে পালিয়ে যেতে পারলেও সন্ত্রাসীরা শাকিরুলকে কুপিয়ে জখম করে। চিৎকারে বাড়ির লোকজন এলে দুর্বৃত্তরা তাঁকে ফেলে পালিয়ে যায়।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনার আগের দিন বিনোদপুর বাজারের একটি দোকানে কোমল পানীয় পানের সময় কয়েকজন যুবকের সঙ্গে শাকিরুলের বাগ্বিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনো মামলা হয়নি।