বগুড়ায় হাত-পা বেঁধে ছাত্রকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গত বুধবার এক কলেজছাত্রকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে। ওই ছাত্রের নাম মেহেদী হাসান (১৯)। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সম্মান প্রথম বর্ষের ছাত্র। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী নির্যাতনের অভিযোগে একজনকে ধরে থানা-পুলিশে সোপর্দ করেছেন। গতকাল শুক্রবার পুলিশ তাঁকে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার হতদরিদ্র মর্জিনা বেগম অন্যের বাড়িতে কাজ করে একমাত্র ছেলে মেহেদী হাসানের পড়াশোনার খরচ জোগাতেন। মেহেদী নিজেও পড়াশোনার ফাঁকে রাজমিস্ত্রির জোগালির কাজ করেন। গত বুধবার সন্ধ্যায় বাড়ির পাশ থেকে প্রতিবেশী এক লোক তাঁকে ধরে নিয়ে যান। এরপর ওই লোক নিজের বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে মেহেদীর ওপর নির্মম নির্যাতন চালান। রক্তাক্ত জখমের পর লাঠি দিয়ে তাঁর ডান পা ভেঙে দেওয়া হয়। একপর্যায়ে তাঁর ডান চোখে বাঁশ দিয়ে আঘাত করা হয়। পরে অবস্থা বেগতিক দেখে রাতেই ওই লোক মেহেদীকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
মর্জিনা বলেন, ‘অনেক কষ্টে খরচ জুগিয়ে মেহেদীকে এবার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে ভর্তি করিয়েছি। গরিব হওয়ায় আমার ছেলেকে এভাবে নির্মম নির্যাতন করা হয়েছে।’
গতকাল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, মেহেদী হাসান যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাঁর সারা শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন। তিনি ডান চোখ খুলতে পারছিলেন না। এ সময় মেহেদী বলেন, ‘কিছুদিন আগে ওই লোকের এক কন্যা আমাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সাড়া দিলে ক্ষিপ্ত হয়ে ওই লোক বুধবার রাতে গ্রামের গলিতে একা পেয়ে আমাকে টেনেহিঁচড়ে তাঁদের বাড়িতে নেন। এরপর হাত-পা বেঁধে নির্যাতনের একপর্যায়ে আমার চোখ উপড়ে ফেলার চেষ্টা করেন।’ পুলিশ হেফাজতে ওই লোক বলেন, ‘আমার মেয়ের সঙ্গে প্রেম করায় ক্ষুব্ধ হয়ে মেহেদীকে লাঠি দিয়ে মেরেছি সত্যি; তবে চোখ উপড়ে ফেলার চেষ্টা করিনি।’
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) রুম্মন হাসান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার ওই ব্যক্তির বাড়ি ঘেরাও করেন। একপর্যায়ে এলাকাবাসী তাঁকে বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু গতকাল পর্যন্ত মেহেদীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় ওই লোককে শান্তিভঙ্গের অপরাধে আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়।