বগুড়ায় হামলা, আরও তিনজন আটক

বগুড়ায় শিয়া মসজিদে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল শুক্রবার রাতে আরও তিনজনকে আটক করেছে র্যাব। এ নিয়ে মোট সাতজনকে আটক করা হলো। এর আগে আটক চার সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পায়নি পুলিশ। এ ঘটনায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সংশ্লিষ্টতার বিষয়টি মাথায় রেখে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। হামলাকারীরা তিনজন ছিলেন এবং পালাতে গিয়ে আঘাত পেয়েছিলেন বলে জানিয়েছেন দুই প্রত্যক্ষদর্শী।
র্যাব ১২ বগুড়া স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর এএফএম আজমল হোসেন আজ শনিবার বলেন, আটক তিনজনের বাড়ি মসজিদের পার্শ্ববতী এলাকায়। তদন্তের স্বার্থে র্যাব তাঁদের নাম, পরিচয় জানাতে রাজি হয়নি। জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেলে গণমাধ্যমকে এ বিষয়ে জানানো হবে।
হামলার পর শিয়া সম্প্রদায়ের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। এ কারণে আজ শনিবার সকাল পর্যন্ত মসজিদ এলাকায় পুলিশি নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে মসজিদের বদলে স্থানীয় ইমামবাড়াতে নামাজ আদায় করছেন শিয়া সম্প্রদায়ের লোকেরা।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, আটক চারজনের মধ্যে আনোয়ার হোসেন ও জুয়েল মিয়াকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। ২০১০ সালে জেএমবি সম্পৃক্ততার মামলায় আনোয়ার গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বাড়ি শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামগাড়া গ্রামে। এ জন্য তদন্তকারী কর্মকর্তাদের সন্দেহের তির তাঁর দিকে। ঘটনার দিন গত বৃহস্পতিবার রাতেই তাঁকে আটক করা হয়। একই রাতে আটক করা হয় স্থানীয় আলাদীপুর মাদ্রাসার আলিম ক্লাসের শিক্ষার্থী জুয়েল মিয়াকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা, বগুড়া জেলা পুলিশের একাধিক কর্মকর্তা এবং পুলিশের গোয়েন্দা সূত্র আজ বলেছে, জুয়েলের সাম্প্রতিক সন্দেহভাজন চলাফেরায় জেএমবির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া গতকাল শুক্রবার সন্ধ্যায় আটক শিবগঞ্জ উপজেলার মোলামগাড়ি এমদাদুল উলুম কওমি মাদ্রাসার অধ্যক্ষ শামসুল আলম এবং তাঁর ছেলে একই মাদ্রাসার শিক্ষক আবু হাসান এ ব্যাপারে কোনো তথ্য দেননি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল সকালে প্রথমে আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে এখনো কোনো তথ্য মেলেনি। হামলাকারী কারা তদন্তে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।
পালাতে গিয়ে হামলাকারীরা আঘাত পান!
পালাতে গিয়ে হামলাকারীরা আঘাত পেয়েছিলেন বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী এক কলেজছাত্র। তিনি বলেন, হামলাকারী তিনজন তরুণ ছিলেন। হামলার পর লাফিয়ে পালানোর সময় একজন কোমর বা পায়ে চোট পেয়েছিলেন। তিনি বলেন, ‘মাগরিবের নামাজের সময় হরিপুর বাজারে যাচ্ছিলাম। দেখি শিয়া মসজিদে ঢুকছে অপরিচিত তিন যুবক। বয়স ২২ থেকে ২৪। দুজনের পরনে শার্ট প্যান্ট। মনে করেছিলাম নামাজ পড়তে যাচ্ছে। মিনিট খানেক পরই গুলি শব্দ পাই।’
আরেক প্রত্যক্ষদর্শী এক স্কুলছাত্র বলে, হরিপুর-আলিয়ারহাট সড়কের চককানু উত্তরপাড়া জামে মসজিদের কাছাকাছি দেখি অপরিচিত তিন যুবক হন্তদন্ত করে আলিয়ারহাটের দিকে হেঁটে যাচ্ছেন। দুজনের কাঁধে হাত রেখে একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। দেখে মনে হচ্ছিল, কোমরে বা পায়ে আঘাত পেয়েছেন।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন বলেন, ‘মসজিদের সীমানা প্রাচীর থেকে পাশের ধান খেতের মাঠ বেশ কয়েক ফুট নিচু ছিল। হামলাকারীরা সেটি টপকে পালানোর সময় লাফ দিতে গিয়ে পায়ে বা কোমরে আঘাত পেতে পারেন।’
আতঙ্ক কাটেনি
হামলার পর চককানু ও হরিপুর গ্রামে এখনো আতঙ্ক বিরাজ করছে। শিয়াদের প্রতিষ্ঠান ইমামিয়া স্টাডি সার্কেলের পরিচালক এবং ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর বলেন, ঢাকায় তাজিয়া মিছিলে হামলার পর থেকেই এখানে আশঙ্কা ছিল। পুলিশ এখানকার তাজিয়া মিছিলেও নিরাপত্তা দিয়েছে। হামলার পর এখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। তবুও আতঙ্ক কাটছে না। শান্তিপ্রিয় এলাকায় এ ধরনের বর্বর হামলা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছে না এলাকাবাসী। তিনি আরও বলেন, ‘নতুন হামলা চেয়েও আমরা এই হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতার আশঙ্কা নিয়ে বেশি আতঙ্কিত। আমি ৫১ ভাগ নিশ্চিত এই হামলা করেছে আইএসের মতো কোনো জঙ্গি গোষ্ঠী।’
নিহত মুয়াজ্জিনের ভাই সুন্নি
হামলায় নিহত মসজিদের (মসজিদ-ই-আল মোস্তফা) মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেনের (৬৮) ভাই হবিবর রহমান সুন্নি সম্প্রদায়ের। মসজিদ কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘এখানে জন্মগতভাবে কেউ শিয়া নয়। সুন্নি থেকে শিয়া। ফলে একই পরিবারে শিয়া-সুন্নি দুই মতাদর্শের লোক রয়েছে। দুই মতাদর্শের মধ্যে পার্থক্য শুধু নামাজে। আমরা হাত ছেড়ে দিয়ে নামাজ আদায় করি, সুন্নিরা হাত বেঁধে নামাজ পড়ে। এখানে শিয়া-সুন্নির কোনো বিরোধ নেই।’