বগুড়ায় হাসপাতাল থেকে কৌশলে নবজাতক চুরি
হাসপাতালে আসা প্রসূতির স্বজনের সঙ্গে প্রথমে খাতির জমান অপরিচিত এক নারী। এরপর স্বজনকে পটিয়ে কৌশলে ওয়ার্ড থেকে তিন দিন বয়সী নবজাতককে বাইরে আনেন। শিশুটিকে কোলে নিয়ে স্বজনকে পাঠান রোগীর কাছে। দুই মিনিটের ব্যবধানে রোগীর কাছ থেকে স্বজন ফিরে দেখেন নবজাতককে নিয়ে ওই নারী হাওয়া। পরে পুলিশ হাসপাতালে তন্ন তন্ন করে খুঁজেও নবজাতকসহ ওই নারীর হদিস পায়নি।
বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের প্রসূতি ও গাইনি বিভাগ থেকে গতকাল শনিবার নবজাতক চুরির এ ঘটনা ঘটেছে। নবজাতককে হারিয়ে এখন মা হোসনে আরা পাগলপ্রায়। হোসনে আরা বগুড়া শহরের ঝোপগাড়ী বিশ্বরোড-সংলগ্ন হাজিপাড়া এলাকার ওয়ার্কশপের মিস্ত্রি রুবেল হোসেনের স্ত্রী।
এদিকে নবজাতক চুরি যাওয়ার পর প্রসূতি বিভাগে সতর্কতামূলক নোটিশ টানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রুবেল হোসেন বলেন, হোসনে আরার প্রসবযন্ত্রণা উঠলে গত মঙ্গলবার ওই হাসপাতালের গাইনি বিভাগের ৩৫ নম্বর বেডে তাঁকে ভর্তি করা হয়। গত বুধবার সকালে একটি ফুটফুটে ছেলেসন্তান জন্ম দেন হোসনে আরা। তাঁদের দেখাশোনার জন্য হাসপাতালে ছিলেন শাশুড়ি রেহেনা বেগম। গতকাল শাশুড়ির কাছ থেকেই শিশুটি চুরি যায়। তিনি বলেন, ‘প্রথম সন্তান, এ কারণে পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল। আজ ওর আকিকা দেওয়ার কথা ছিল। কিন্তু হাসপাতালে এসে সন্তানকে হারাতে হলো। পুলিশকে অভিযোগ করেছি। পুলিশ এখন পর্যন্ত সন্তানের হদিস পায়নি।’
হাসপাতালে গিয়ে দেখা যায়, হোসনে আরা সন্তান হারিয়ে কাঁদছেন। হোসনে আরার মা রেহেনা বলেন, ‘এক দিন আগে থেকেই অপরিচিত ওই মহিলা শিশুটির কাছে ঘুরঘুর করছিলেন। নিজে থেকেই আমাদের সঙ্গে কথা বলছিলেন। শিশুটিকে বারবার দেখছিলেন। বলেছিলেন, অন্য রোগীর সঙ্গে এসেছেন। আজ (শনিবার) সকালেও বেডের কাছে ঘুরঘুর করেন। বলেন, শিশুর তো জন্ডিস হয়েছে। ওকে রোদে নিতে হবে। ওর কথা বিশ্বাস করে সকাল ৮টার দিকে নাতিকে কোলে নিয়ে হাসপাতালের সিঁড়িতে দাঁড়াই। তখন অপরিচিত ওই মহিলার সঙ্গে নানা বিষয় নিয়ে আলাপ হয়। আলাপচারিতায় খাতির জমে ওঠে। একটু পরে আমার নাতি (শিশু) কাপড় নোংরা করলে ওই মহিলা বলেন, আপনি কাপড় নিয়ে আসেন, আমি বাচ্চাটাকে কোলে নিয়ে আছি। সরল বিশ্বাসে ওর কোলে বাচ্চা দিয়ে মেয়ের কাছে কাপড় নিতে আসি। ফিরে গিয়ে দেখি, ওই মহিলা বাচ্চা নিয়ে উধাও। হাসপাতালজুড়ে খোঁজাখুঁজি করেও বাচ্চা না পেয়ে ওয়ার্ডের নার্সদের ঘটনা খুলে বলি।’
কয়েকজন রোগী ও স্বজনেরা বলেন, এই হাসপাতাল থেকে আগেও নবজাতক চুরি হয়েছে। গতকাল নতুন করে নবজাতক চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতি ও নবজাতক ওয়ার্ডে সতর্কতামূলক নোটিশ টানিয়ে দিয়েছে।
মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও মোস্তাফিজুর রহমান বলেন, নবজাতককে ওয়ার্ডের বাইরে বের করা কোনোভাবেই ঠিক হয়নি। স্বজনদের অজ্ঞতার কারণেই এমনটা ঘটেছে। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে রোগীর সঙ্গে আসা স্বজনদের হাসপাতালে আসা-যাওয়া নিয়ন্ত্রণ এবং হাসপাতালে সিসিটিভি বসানোর উদ্যোগ নেওয়া হবে।
সদর থানার ওসি এমদাদ হোসেন বলেন, এত দিন হাসপাতালের সেবিকা-আয়াদের সহযোগিতায় ওয়ার্ড থেকে নবজাতক চুরির কথা শোনা গেছে। কিন্তু রোগীর স্বজনের সঙ্গে সম্পর্ক তৈরি করে কৌশলে নবজাতককে নিয়ে যাওয়া নতুন ঘটনা। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। এখন পর্যন্ত ওই নারীর হদিস মেলেনি।