বগুড়ায় ১৮ বছরে ১১৬ নারী অ্যাসিড-সন্ত্রাসের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ১৮ বছরে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন ১৬০ জন। এর মধ্যে ১১৬ জনই নারী। এসব ঘটনায় ৮৬টি মামলা হলেও ৬৬টি মামলায় আসামিরা সাজা পাননি। স্বামী-স্ত্রীর দাম্পত্য বিবাদ, পারিবারিক কলহ, জমি নিয়ে বিরোধ, প্রেম প্রত্যাখ্যান অ্যাসিড-সন্ত্রাসের প্রধান কারণ।
জেলা অ্যাসিড অপরাধ মনিটরিং সেল, আদালত সূত্র, অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) এবং বেসরকারি সংস্থা লাইট হাউস সূত্রে এসব তথ্য জানা গেছে।
বগুড়া আদালতের পুলিশ পরিদর্শক শাজাহান আলী বলেন, ২০০২ থেকে ২০১৬ সাল পর্যন্ত জেলায় অ্যাসিড-সন্ত্রাসের ৮৬টি মামলা হয়েছে। এর মধ্যে ২০০৭ সালে সবচেয়ে বেশি ১৪টি মামলা হয়েছে। জেলা অ্যাসিড অপরাধ মামলা মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, জেলার অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-২ আদালতে ১১টি মামলা বিচারাধীন রয়েছে।
অ্যাসিড-সন্ত্রাস প্রতিরোধে জেলা ও পুলিশ প্রশাসন ছাড়াও এএসএফ, লাইট হাউসসহ কয়েকটি সংস্থা কাজ করছে। লাইট হাউসের নির্বাহী প্রধান হারুন-অর-রশীদ প্রথম আলোকে বলেন, ১৯৯৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত জেলায় ১৬০ জন অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। এর মধ্যে ১১৬ জন নারী। অ্যাসিডদগ্ধ নারীদের মধ্যে মারা গেছেন আটজন। মামলা হয়েছে ৯২টি।
বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) নরেশ মুখার্জি বলেন, অ্যাসিড-সন্ত্রাসের অধিকাংশ মামলা ত্রুটিপূর্ণ। পুলিশ দায়সারাভাবে এজাহার নেয়। তদন্ত শেষে সঠিকভাবে অভিযোগপত্র দাখিল হয় না। অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা হলেও চিকিৎসকেরা দায়সারাভাবে চিকিৎসা সনদ দেন। সেখানে অ্যাসিড পোড়া কি না, তা পরীক্ষাগারে পরীক্ষা করা হয় না। দুর্বল এজাহার, অভিযোগপত্র, চিকিৎসা সনদ, ঠিকমতো সাক্ষ্য না দেওয়া, আসামিদের প্রভাবে মামলা চালাতে বাদীর অনীহাসহ নানা কারণে অ্যাসিড-সন্ত্রাসের মামলায় আসামিদের সাজা হয় না।
বগুড়ায় অ্যাসিড বেশ সহজলভ্য। বাংলাদেশ জুয়েলারি সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি পান্না মিয়া প্রথম আলোকে বলেন, জেলায় জুয়েলারি দোকান রয়েছে ছয় শতাধিক। অথচ লাইসেন্স রয়েছে হাতে গোনা কয়েকটি দোকানের। অ্যাসিডের পাইকারি দোকান রয়েছে আটটি।
অ্যাসিড-সন্ত্রাসের শিকার নারীরা যন্ত্রণাদায়ক জীবন যাপন করেন। শিবগঞ্জ উপজেলার তেঘরি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে রোমানা আকতার পড়তেন বগুড়ার পলিটেকনিক ইনস্টিটিউটে। সহপাঠী গাবতলী উপজেলার মিরপুর গ্রামের আলী হাসান ওরফে সোহাগকে বাবা-মায়ের অমতে বিয়ে করেন। বিয়ের পর যৌতুকের দাবিতে শুরু হয় স্বামীর নির্যাতন। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে দেড় বছরের মাথায় বাবার বাড়িতে চলে আসেন রোমানা। তালাক দেন স্বামীকে। ২০০৯ সালের ১০ আগস্ট অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন রোমানা। তিনি বলেন, ‘আদালত থেকে রায় পেলেও আপিল করেছে আসামি। আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। ভয়ে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় এসে আশ্রয় নিয়েছি। সঙ্গে পাঁচ বছর বয়সী একটা ছেলে।’
২০০৫ সালের ১৩ নভেম্বর সারিয়াকান্দির শোলারতাইর গ্রামের কলেজছাত্রী নুসরাত জাহান অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন। যৌতুকের দাবিতে স্বামী তাঁকে অ্যাসিড ছুড়ে মারেন। এখনো বিচারের আশায় দিন গুনছেন তিনি।
গত এক বছরে জেলায় অ্যাসিড নিক্ষেপের কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। আর জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বলেন, অ্যাসিডদগ্ধ জীবন অত্যন্ত যন্ত্রণাদায়ক। মামলা তদারক ও অ্যাসিড-সন্ত্রাস বন্ধে গণসচেতনতা ছাড়াও অ্যাসিডের অপব্যবহার ঠেকাতে জেলা প্রশাসন নানা কার্যক্রম চালাচ্ছে।