বগুড়ায় ৫ সহযোগীসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

বগুড়ায় পাঁচ সহযোগীসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জামিল উদ্দিন শুভ ওরফে জামিলুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ১৪টি তাজাগুলি ও ম্যাগজিনসহ চারটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে গাবতলী উপজেলার পুরানবাজার থেকে প্রাইভেট কারে করে বগুড়ায় ফেরার পথে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘পুলিশের তালিকাভুক্ত ও শহরের শীর্ষ সন্ত্রাসী শুভর বিরুদ্ধে শ্রমিক লীগ নেতা হাসানুজ্জামান নাসিম ও ইসরাইল হোসেন রঞ্জু জোড়া খুন এবং ছাত্রলীগ কর্মী সংলাপ হত্যাসহ তিনটি হত্যা মামলা, একটি অপহরণ মামলা এবং তিনটি চাঁদাবাজির মামলা বিচারাধীন রয়েছে। সহযোগীদের মধ্যে আবদুল হাদী অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি এবং তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।'
আরিফুর রহমান মণ্ডলের ভাষ্য, গতকাল মঙ্গলবার রাতে জামিল উদ্দিন ও তাঁর সহযোগীরা গাবতলী উপজেলার পুরানবাজার এলাকায় মদের আসর বসান। সেখানে একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে ফুর্তির উন্মাদনায় তাঁরা একটি ফাঁকা গুলি করে। সন্ত্রাসীদের এই আড্ডার খবর পেয়ে বগুড়া থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ও গাবতলী থানা-পুলিশের আরেকটি দল কড়া পাহারা বসান। রাত দেড়টার দিকে বগুড়া-গাবতলী সড়কের ছাতিয়ানতলা এলাকায় রাস্তায় আড়াআড়িভাবে ট্রাক দিয়ে গতিরোধ করে সন্ত্রাসীদের বহনকারী সাদা রঙের একটি প্রাইভেট কার থেকে তাঁদের আটক করা হয়। এ সময় জামিলের কোমর থেকে একটি নাইন এমএম এবং একটি সেভেন পয়েন্ট ৬৫ পিস্তল, আটটি গুলিসহ দুটি ম্যাগজিন এবং সহযোগী আবদুল হাদীর কাছ থেকে তিনটি গুলিসহ একটি সেভেন পয়েন্ট ৬৫ পিস্তল এবং অপর সহযোগী আনোয়ারুল ইসলাম রানার কাছ থেকে তিনটি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া প্রাইভেট কারে থাকা আরও তিন সহযোগী মনিরুজ্জামান মনির, রাজিব সুলতান এবং সুরুজ মিয়াকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর জামিল উদ্দিন নিজেকে শহর আওয়ামী লীগের নেতা বলে দাবি করেন। গত ১০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে শহরে টানানো পোস্টারেও জামিল উদ্দিন নিজেকে শহর আওয়ামী লীগের নেতা উল্লেখ করেছেন। তিনি শহরতলির ধাওয়াপাড়া এলাকার বাসিন্দা।
বগুড়া শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান প্রথম আলোকে বলেন, ‘শহর আওয়ামী লীগের বর্তমানে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় জামিল উদ্দিন কোনো পদে নেই। তবে দলের সক্রিয় কর্মী হিসেবে বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশ নেন তিনি।’
বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ‘অস্ত্রসহ আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাঁদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং অস্ত্র উদ্ধার সম্ভব হবে।’