বগুড়ায় 'বন্দুকযুদ্ধে' জঙ্গিনেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালুতে গত সোমবার দিবাগত গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জঙ্গি সংগঠন নব্য জেএমবির এক নেতা নিহত হয়েছেন। পুলিশ বলেছে, নিহত আবু মুসা ওরফে আবুজার ওরফে আবু তালহা ওরফে সামিউল (৩২) গুলশান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী।
মুসার স্বজনেরা বলছেন, স্ত্রী ও পাঁচ ছেলেকে ফেলে নয় মাস আগে নিখোঁজ হন মুসা। পরিবারের কারও সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না।
এ ছাড়া সোমবার রাতে পুরান ঢাকার গোয়ালনগরে এবং গতকাল মঙ্গলবার ভোরে কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, ঢাকায় নিহত মো. সাগর ওরফে জুলহাস ওরফে সিফাত (৩০) ছিনতাইকারী এবং মহেশখালীতে নিহত আবদুস সাত্তার (৩৪) চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে কাহালু থানা-পুলিশের একটি টহল দল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তালোড়া-দেওগ্রাম সড়কের পাতাঞ্জায় পৌঁছালে জঙ্গিরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির পর সেখানে এক জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই জঙ্গি মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে বিভিন্ন থানায় লাশের ছবি পাঠালে তা জঙ্গি আবু মুসার বলে শনাক্ত করা হয়।
সনাতন চক্রবর্তী বলেন, মুসা গুলশান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী। ৬ ফেব্রুয়ারি রাজীব গান্ধীকে বগুড়ার দুটি আদালতে হাজির করে শেরপুর থানার এক মামলায় আট দিন এবং শিবগঞ্জ থানার এক মামলায় সাত দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মুসার লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
গতকাল মুসার স্বজনদের কেউ মর্গে আসেননি বলে জানা গেছে।
পুলিশের দাবি, নিহত আবু মুসা নব্য জেএমবির পাবনা-কুষ্টিয়া-নাটোর-সিরাজগঞ্জ অঞ্চলের প্রধান ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পাবনা সদরের হিমাইতপুর বেতে পাড়ায়। গত বছরের ২০ মে কুষ্টিয়ায় বাউল অনুসারী হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান এবং ৫ জুন নাটোরের খ্রিষ্টানপল্লির ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাসহ বিভিন্ন জঙ্গি হামলায় জড়িত ছিলেন এই মুসা। তঁার বিরুদ্ধে কুষ্টিয়া, নাটোর ও সিরাজগঞ্জের বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইনে চার-পাঁচটি মামলা রয়েছে।
প্রথম আলোর পাবনা অফিস জানিয়েছে, যোগাযোগ করা হলে মুসার ভাই আসলাম হোসেন বলেন, পাঁচ ভাইয়ের মধ্যে মুসা দ্বিতীয়। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়া মুসা পাবনায় রিকশা চালাতেন ও শ্রমিকের কাজ করতেন। ১০ বছর আগে তিনি বিয়ে করেন, তাঁর পাঁচ ছেলে। দুই বছর আগে বাবার সঙ্গে ঝগড়া করে স্ত্রী-সন্তানদের নিয়ে মুসা বগুড়ায় চলে যান। পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না। নয় মাস আগে একবার বাড়িতে এসেছিলেন। তারপর আর তাঁর সঙ্গে যোগাযোগ হয়নি।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মুসার স্ত্রী মুসলিমা খাতুন প্রথম আলোকে বলেন, নয় মাস আগে পাবনার বাড়ি থেকে বগুড়ায় ফিরে মুসা নিখোঁজ হন। স্বামীর খোঁজ না পেয়ে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে আসেন।
পুরান ঢাকায় একজন নিহত
কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, রাজধানীর কোতোয়ালি থানার পুলিশ বলেছে, সোমবার দিবাগত রাত তিনটার দিকে পুরান ঢাকার গোয়ালনগরের একটি গলিতে একসঙ্গে সাত-আটজন যুবক হেঁটে যাচ্ছিলেন। পরিচয় জানতে চাইলে তাঁরা পুলিশের দিকে হাতবোমা ও গুলি ছোড়েন। পুলিশের পাল্টা গুলিতে একজন আহত হন, অন্যরা পালিয়ে যান। আহত ব্যক্তিকে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বন্দুকযুদ্ধের পর পুরোনো ফাইল ঘেঁটে যুবকের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মো. সাগর ওরফে জুলহাস। তিন মাস আগে একটি ছিনতাই মামলায় জামিনে বের হয়ে আবারও তিনি ছিনতাইয়ে জড়িয়ে পড়েন। গোলাগুলিতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
পুলিশ বলছে, নিহত সাগরের বাড়ি শরীয়তপুরের নড়িয়া থানার উপসি গ্রামে। ছিনতাই ও ডাকাতির অভিযোগে তাঁর বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। পুরান ঢাকায় গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই মামলারও আসামি তিনি। তাঁকে ধরতেই রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে অভিযান চালানো হয়। গত সপ্তাহে নিউমার্কেট এলাকায় গুলি করে ১২ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গেও সাগর জড়িত ছিলেন। সাগরের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
মহেশখালীতে ‘অস্ত্র ব্যবসায়ী’ নিহত
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, সন্ত্রাসী ও মামলার আসামি ধরতে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে হোয়ানক ইউনিয়নের কেরুনতলী নয়াপাড়া পূর্বপাহাড়ি এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অস্ত্র ব্যবসায়ী আবদুস সাত্তার নিহত হন। তাঁর বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র মামলাসহ দুটি মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য, সাত্তারের সঙ্গে থাকা একটি এলজি ও তাঁর আস্তানা থেকে তিনটি লম্বা বন্দুক, দুটি থ্রি কোয়ার্টার বন্দুক ও ২৫টি গুলি উদ্ধার করা হয়েছে। গোলাগুলিতে পুলিশের সাত সদস্য আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।