বগুড়ায় 'ভুয়া চিকিৎসক' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের একটি অনুমোদনহীন ক্লিনিকে অস্ত্রোপচার চালিয়ে এক গৃহবধূর জরায়ু (ইউটেরাস) কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্লিনিকের মালিকসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূ নাছিমা বেগম (২৮) বাদী হয়ে বগুড়া সদর থানায় এ মামলা করেন।
নাছিমা বেগম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামের তছলিম দেওয়ানের স্ত্রী। মামলার আসামিরা হলেন বগুড়া শহরের নিউ শাহ সুলতান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক রেজাউল করিম, ক্লিনিকের ব্যবস্থাপক অ্যাপোলো, চিকিৎসক আশিস কুমার, মানবেন্দ্র পাল, হাবিবুর রহমান, ‘দালাল’ জুয়েল সরকার, নার্স সাথী ও শামিমা। আশিস কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার জানতে চাইলে বগুড়ার সিভিল সার্জন শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘অনুমোদন ছাড়াই চলছিল নিউ শাহ সুলতান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম। সেখান থেকে গ্রেপ্তার হওয়া চিকিৎসক দাবিদার আশিস কুমার একজন প্রতারক। তিনি ভুয়া চিকিৎসক। এর আগেও সারিয়াকান্দিতে চিকিৎসক পরিচয়ে একটি ক্লিনিকে বসতেন তিনি। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের একটি দল সেখানে গেলে তিনি কৌশলে পালিয়ে যান। আশিসকে আটকের জন্য আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম।’
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, নাছিমা বেগম ৮ এপ্রিল পেটের ব্যথা নিয়ে বগুড়া শহরে চিকিৎসা নিতে আসেন। একপর্যায়ে বগুড়া শহরতলির পালশা খন্দকারপাড়ার জুয়েল সরকার তাঁকে কৌশলে শহরের কানছগাড়ি এলাকার নিউ শাহ সুলতান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে তাঁকে জানানো হয়, তাঁর জরায়ুতে টিউমার হয়েছে। জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করতে হবে। এরপর তাঁকে তাৎক্ষণিকভাবে ওই ক্লিনিকের অস্ত্রোপচার-কক্ষে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর টিউমার অপসারণ করা হয়েছে বলা জানানো হয়। তিনি ক্লিনিকের মোটা অঙ্কের বিল পরিশোধ করে বাড়ি ফিরে যান। কিন্তু পেটের ব্যথা আবার শুরু হয়। কয়েক দিন আগে তিনি রাজশাহী শহরে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে জানান, ওই ক্লিনিকে অস্ত্রোপচারের সময় তাঁর জরায়ু কেটে ফেলা হয়েছে।
নাছিমা বেগম বলেন, জরায়ু কেটে ফেলায় তিনি আর সন্তান ধারণ করতে পারবেন না, এ কথা জানার পর তিনি দিশেহারা হয়ে পড়েন। পরে তিনি মামলা করেন।
এদিকে মামলা দায়েরের পরপরই ক্লিনিকটিতে পুলিশ অভিযান চালিয়ে ‘ভুয়া’ চিকিৎসক আশিস কুমারকে গ্রেপ্তার করে। তবে ক্লিনিকের মালিকসহ অন্য আসামিরা গা ঢাকা দিয়েছেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, গ্রেপ্তারের পর আশিস কুমার নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী শল্যচিকিৎসক দাবি করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, গৃহবধূ নাছিমার জরায়ুতে সিস্ট হয়েছিল। অস্ত্রোপচারের সময় ভুলক্রমে জরায়ু কেটে ফেলেন। তবে অস্ত্রোপচারের সময় ওই কক্ষে আরও দুজন চিকিৎসক উপস্থিত ছিলেন।
চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল আলম বলেন, আশিস কুমার নামের কোনো চিকিৎসককে তিনি চেনেন না। বিএমএর সদস্যভুক্ত কোনো চিকিৎসক হলে তিনি তাঁকে চিনতেন।
সিভিল সার্জন বলেন, ভুক্তভোগী নাছিমার অভিযোগ আমলে নিয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। ক্লিনিকটিতে অন্য যেসব চিকিৎসক বসতেন, তাঁরা প্রকৃত চিকিৎসক কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।