বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, দুজন গ্রেপ্তার
পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের একটি কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ভান্ডারিয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা (৩৬) ও ছাত্রদলের কর্মী কামাল হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে ভাঙচুরের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আবদুল হককে গত বৃহস্পতিবার রাতে প্রত্যাহার করে পিরোজপুর পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।
পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের নেতা-কর্মীরা ভান্ডারিয়া সরকারি কলেজের একটি কক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে কমন রুম হিসেবে ব্যবহার করে আসছিলেন। এ নিয়ে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। বেলা পৌনে একটার দিকে কমনরুমে টাঙানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর এবং খেলার সরঞ্জাম তছনছ করা দেখতে পান ছাত্ররা। এ ঘটনায় রাতে কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা আটজনের বিরুদ্ধে মামলা করেন। ভাঙচুরের ঘটনার প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা বৃহস্পতিবার রাতে ভান্ডারিয়া শহরে মিছিল-সমাবেশ করেন।
অধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, ‘কে বা কারা ভাঙচুর করেছে আমি দেখিনি। তবে কয়েক দিন আগে কমনরুমে ছবি টাঙানোর ঘটনার যারা প্রতিবাদ করেছিল, তাদের আসামি করা হয়েছে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, ‘কমনরুমে ছবি টাঙানো নিয়ে বৃহস্পতিবার ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে অধ্যক্ষকে দিয়ে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করিয়েছেন। আমি এ ঘটনার নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ গতকাল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি এসআই আবদুল হককে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।