বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ পোস্টারে আগুন, অধ্যক্ষ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবিসংবলিত পোস্টার পোড়ানোর অভিযোগে পাবনার চাটমোহর উপজেলায় একটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া আবদুল হামিদ (৪৫) উপজেলার মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। পোস্টার পোড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে শুক্রবার চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আবদুল কাদের।
আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি কলেজে একটি অভ্যন্তরীণ নিরীক্ষা করা হয়। সেই নিরীক্ষায় অধ্যক্ষের বিরুদ্ধে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। বিষয়টি ধামাচাপা দিতে গত বৃহস্পতিবার রাতে অধ্যক্ষ কলেজের গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলেন। নথি পোড়ানোর সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবিসংবলিত একটি পোস্টারে আগুন ধরিয়ে দেন আবদুল হামিদ।’
তবে গ্রেপ্তার হওয়ার আগে আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘কলেজে কাগজপত্র পোড়ানো হয়েছে ঠিকই, তবে তা অপ্রয়োজনীয় কাগজপত্র। সেখানে বঙ্গবন্ধু পরিবারের কোনো ছবি ছিল না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই এই ছবি পোড়ানোর অভিযোগ তোলা হয়েছে।’
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। উপজেলা প্রশাসনকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত অধ্যক্ষকে আটক করা হয়েছে।