বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ম্যুরালের লেখা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরালের লেখা কে বা কারা ভেঙে নিয়ে গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সাতক্ষীরার কালীগঞ্জ থানায় উপজেলার কুশলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাওছিল আরা সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ২০১১ সালে কালীগঞ্জ সদরের কাকশিয়ালি এলাকায় ম্যুরাল তৈরির কাজ শুরু হয়। ম্যুরালের এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও অপর পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে। বর্তমানে কাজ শেষ হওয়ার পথে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির নিচে স্টিলের পাত দিয়ে লেখা হয় ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ দক্ষিণ পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির নিচে লেখা হয় ‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা’। চার-পাঁচ দিন আগে রাতে কে বা কারা ওই লেখার কিছু অংশ ভেঙে নিয়ে গেছে।
কালীগঞ্জ থানার ওসি সুভাষ বিশ্বাস বলেন, কে বা কারা ওই কাজ করেছে তা তদন্ত হচ্ছে।