বঙ্গবন্ধু পরিষদের দুই পক্ষে মারামারি কৃষি ব্যাংকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংকে (বিকেবি) বঙ্গবন্ধু পরিষদের দুই পক্ষে মারামারি হয়েছে। বিকেবি বঙ্গবন্ধু পরিষদের এক পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধান কার্যালয়ে বিকেবির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ ইউসুফকে ফুলের তোড়া দেওয়ার আগমুহূর্তে এ ঘটনা ঘটে।

এরপর হাতাহাতি ও কক্ষ ভাঙচুর করা হয়। এতে তিনজন আহত হয়েছেন। এর মধ্যে সুদর্শন চৌধুরী নামের এক কর্মকর্তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। জানতে চাইলে বিকেবির এমডি এম এ ইউসুফ গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না।’

বিকেবি সূত্রে জানা গেছে, ২০ বছর ধরে বিকেবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতির পদ আঁকড়ে আছেন ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) লিয়াকত হোসেন মোড়ল। সম্প্রতি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এ মালেকের কাছ থেকে নিজেকে সভাপতি দেখিয়ে আবার একটি কমিটি অনুমোদন করিয়ে নেন লিয়াকত হোসেন। গতকাল তাঁর নেতৃত্বাধীন কমিটিই ব্যাংকের এমডিকে ফুলের তোড়া দিতে যাচ্ছিল।

এর আগে ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মাহমুদ হাসান চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত হয় বিকেবি বঙ্গবন্ধু পরিষদের আরেকটি কমিটি।

লিয়াকত হোসেন বলেন, ‘আমার কমিটিকে তারা মানতে পারেনি বলেই হামলা চালিয়েছে।’ জিএম হওয়ার পর তো আপনি সরকারের লোক হয়ে গেছেন, ব্যাংকের নয়। নতুন কমিটি না করে একই পদ দীর্ঘ বছর ধরে রাখছেন কেন এমন প্রশ্নের জবাবে লিয়াকত হোসেন বলেন, ‘কোনো অসুবিধা নেই, এটা অরাজনৈতিক সংগঠন।’

অপর কমিটির আহ্বায়ক মাহমুদ হাসান চৌধুরী বলেন, ‘অন্যায় ও অনৈতিকভাবে লিয়াকত হোসেন মোড়ল বিকেবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি। তাঁর বিরুদ্ধে সবারই অনাস্থা রয়েছে। আর সে কারণেই নতুন কমিটি করা হয়েছে।’