বঙ্গবন্ধু সাফারি পার্কে অতিরিক্ত টাকা আদায়?
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কোর সাফারি পার্কে ঢুকতে শিশু দর্শনার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
পার্ক কর্তৃপক্ষ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রতিদিন শত শত পর্যটক ভিড় করেন। পার্কের ভেতরে কোর সাফারি পার্ক দর্শনার্থীদের কাছে বেশি আকর্ষণীয়। সেখানে উন্মুক্ত পরিবেশে বাঘ, সিংহ, ভালুক, হরিণ, জিরাফ ইত্যাদি দেখার ব্যবস্থা রয়েছে। এ কারণে সেখানে ঢুকতে প্রতিদিনই পর্যটকদের দীর্ঘ লাইন থাকে। পার্কের নির্ধারিত বাসে চড়ে ভেতরে প্রাণীগুলো দেখতে যেতে হয়। এ জন্য প্রবেশমূল্য বড়দের জন্য ১০০ টাকা এবং স্কুল-কলেজের শিক্ষার্থী অথবা শিশুদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা আছে। ওই অংশটি ২০১৬-১৭ অর্থবছরের জন্য পাল এন্টারপ্রাইজ, বেঙ্গল ট্যুরস লিমিটেড ও বিজ এন্টারপ্রাইজের কাছে ইজারা দেওয়া হয়েছে। কিন্তু সাফারি পার্কের ওই অংশের ইজারাদারদের লোকজন চুক্তির শর্ত মানছেন না। তাঁরা শিশুদের কাছ থেকেই ১০০ টাকা প্রবেশ ফি আদায় করছেন।
জানতে চাইলে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন বলেন, কোর সাফারি পার্কে প্রবেশে বড়দের ১০০ ও ছোটদের জন্য ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। কিন্তু তাঁদের কাছেও অভিযোগ রয়েছে, শিশু দর্শনার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।
১৯ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, প্রধান ফটকে ভিড়। বগুড়ার একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন পার্কে। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন শিক্ষকেরাও।
বগুড়ার কুতুবপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুজ্জামান বলেন, তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে পার্কে বেড়াতে এসেছেন। সন্তানদের বয়স সাত ও নয় বছর। কোর সাফারি পার্কে ঢুকতে গেলে সবার কাছ থেকেই ১০০ টাকা করে ফি আদায় করা হয়।
ময়মনসিংহের ভালুকা সদর এলাকার বাসিন্দা সোলায়মান হোসেন বলেন, স্ত্রী ও পাঁচ বছরের ছেলেকে নিয়ে পার্কে বেড়াতে এসেছেন। মূল ফটকে শিশুদের জন্য নির্ধারিত ফি নিলেও কোর সাফারি পার্কে শিশুদের জন্যও ১০০ টাকা আদায় করা হয়।
পার্কের প্রকল্প পরিচালক মো. সামসুল আজম বলেন, ইজারায় ১৮ বছরের ওপর অর্থাৎ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি ১০০ টাকা করে এবং এর কম বয়সী দর্শনার্থীদের কাছ থেকে জনপ্রতি ৫০ টাকা করে নেওয়ার চুক্তি রয়েছে। এরপরও কেন চুক্তি ভঙ্গ করছেন, তা তদন্ত করে দেখা হবে।