বঙ্গবন্ধু সেতুর ওজন স্কেল জালিয়াতিতে ৩ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারের ওজন স্কেলে পরিমাপে জালিয়াতি করার সময় গত বুধবার রাতে স্কেল অপারেটরসহ দুই ট্রাকচালক গ্রেপ্তার হয়েছেন। টাকার বিনিময়ে ওজন জালিয়াতির মাধ্যমে অতিরিক্ত মালবোঝাই ট্রাক পার করিয়ে দেন অপারেটর।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন ওজন স্টেশনের অপারেটর টাঙ্গাইল জেলার ওসমান গনি, ঠাকুরগাঁও জেলার ট্রাকচালক বাবুল হোসেন ও রাজু শেখ।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ, কর্মরত ওজন স্টেশনের কর্মচারী ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পঞ্চগড় থেকে পাথরবোঝাই দুটি ট্রাক পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। ট্রাক দুটিতে অতিরিক্ত মালামাল থাকায় মুঠোফোনেই ওজন স্কেল নিয়ন্ত্রণে জড়িতদের সঙ্গে প্রতি ট্রাকের জন্য আড়াই হাজার টাকা করে চুক্তি হয় দুই চালকের। চুক্তি মোতাবেক ট্রাক দুটিকে কৌশলে ওজন স্টেশন পার করিয়ে দেওয়া হয়। কিন্তু টোল প্লাজার কাছে গেলে স্থানীয় শ্রমিকেরা ট্রাক দুটিতে অতিরিক্ত মাল রয়েছে বলে চ্যালেঞ্জ করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে পুলিশের সহায়তায় ট্রাক দুটি আটক করে পুনরায় ওজন স্টেশনে নিয়ে ওজন করা হলে তাতে ওজন কারচুপির বিষয়টি নিশ্চিত হয়। তখন দুই চালকসহ স্কেল অপারেটরকে আটক করে পুলিশ।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলেননি।