বঙ্গবন্ধু হলের চার ছাত্রকে মারধর করার অভিযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের চার ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের একই হলের কয়েকজন ছাত্র মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে হলের অতিথিকক্ষে এ ঘটনা ঘটে।
ওই চার ছাত্র হলেন ৪৩তম ব্যাচের চারুকলা বিভাগের ছাত্র উজ্জ্বল হোসেন, সুবীর মণ্ডল এবং ৪৪তম ব্যাচের আশিকুর রহমান ও মঈনুদ্দীন ভূঁইয়া। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী।
হল প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পুরোনো কলা ভবনের সামনে বন্ধুকে নিয়ে আড্ডা দিচ্ছিলেন ফার্মেসি বিভাগের এক ছাত্রী। তাঁরা দৃষ্টিকটুভাবে বসে আছেন দাবি করে তাঁদের সংযত করতে এগিয়ে যান উজ্জ্বল। এ সময় ওই ছাত্রীর বন্ধুর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ফার্মেসি বিভাগের ছাত্র ও বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে নিজেকে পরিচয় দেন। এ সময় সুবীর, আশিকসহ চারুকলা বিভাগের কয়েকজন ছাত্রছাত্রী এগিয়ে যান। তাঁদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তিনি স্বীকার করেন যে তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে কেউ একজন থাপ্পড় দেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে দৌড় দেন। কিছু দূর গিয়ে ছাত্ররা তাঁকে ধরে ফেলেন। পরে তাঁকে ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলা হয়। এ ঘটনা তিনি তাঁর বন্ধু ৩৯তম ব্যাচের ফার্মেসি বিভাগের ছাত্র রুপাকে জানান। বেলা দেড়টার দিকে হলের অতিথিকক্ষে রুপার নেতৃত্বে প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র ও ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সারওয়ার বাঁধন, দর্শন বিভাগের সিহাব, ভূগোল ও পরিবেশ বিভাগের ইয়াসিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৌফিকসহ প্রায় ২০ জন ছাত্র মিলে চারুকলা বিভাগের ওই চার ছাত্রকে বেধড়ক মারধর করেন।
রুপা এ ঘটনা অস্বীকার করে বলেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি।
তবে হলের সহকারী আবাসিক শিক্ষক মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, ‘কয়েকজনকে মারধর করা হচ্ছে জানতে পেরে সঙ্গে সঙ্গে আমি হলে যাই। সেখানে গিয়ে বিস্তারিত খোঁজ নিয়েছি। প্রশাসনিক সভায় এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’