প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নড়াইলে এক যুবক ও তাঁর বাবার বিরুদ্ধে মামলা হয়েছে। পরে বাবা আলী আহম্মদ মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি আইনে গত সোমবার মামলাটি করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মাহাফুজুর রহমান। ওই রাতেই সদর উপজেলার তুলারামপুর গ্রামের বাড়ি থেকে আলী আহম্মদ মোল্যাকে গ্রেপ্তার করা হয়। তাঁর ছেলে নাজমুল হোসেন পলাতক। বাদী মাহাফুজুর রহমান বলেন, ১৪ আগস্ট ফেসবুকে বঙ্গবন্ধু ও জাতীয় শোক দিবস সম্পর্কে কটূক্তি করেন নাজমুল। সদর থানার ওসি সুবাস বিশ্বাস বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আলী আহম্মদ মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।