বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করে স্ট্যাটাস দেন ফুয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুয়াদ জামান। ছবি: ফেসবুক থেকে নেওয়া
ফুয়াদ জামান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বঙ্গবন্ধুর খুনিদের অপরাধের পক্ষে প্রশংসা করে চলতি বছরের ১৫ আগস্ট সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছিলেন লে. কর্নেল (বরখাস্ত) সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ের জামাই ফুয়াদ জামান (৪৩)। এই স্ট্যাটাসে খুনিদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পোস্টে বঙ্গবন্ধুর হত্যাকে ভালো কাজ বলে আখ্যায়িত করে ফুয়াদ। বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিত সুলতান শাহরিয়ার রশিদ খানের ফাঁসি ২০১০ সালের জানুয়ারিতে কার্যকর হয়।

ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে এই কটূক্তির অভিযোগে গতকাল বুধবার রাতে ফুয়াদ জামানকে গ্রেপ্তার করে পুলিশের সন্ত্রাস দমনবিষয়ক বিশেষ ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ফুয়াদ জামানকে ধানমন্ডি থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মোবাইল সহ ফেসবুক আইডি ও গ্রুপসহ ল্যাপটপ, মোবাইল জব্দ করা হয়। সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে তাকে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মাসুদুর রহমান আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ফুয়াদ জামানের স্ত্রী শেহনাজ রশিদ খান বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে। ফুয়াদ তার শ্বশুরের মৃত্যুর দণ্ডাদেশের বিষয়টি মেনে নিতে পারেনি। তাই নিজের ফেসবুক আইডি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করেন তিনি। গত ১৫ আগস্ট সাতটা ১৭ মিনিটে জাতির পিতার খুনিদের প্রশংসা করে ও আত্মার মাগফিরাত কামনা করে ফেসবুকে পোস্ট দেন ফুয়াদ। পোস্ট এ বঙ্গবন্ধুর হত্যাকে ভালো কাজ বলে আখ্যায়িত করেন তিনি।