বঙ্গবন্ধুর ছবি বিকৃত করল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের কাপাসগোলা মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালো রং ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ছবিটি বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তোলা। ছবি: জুয়েল শীল
নগরের কাপাসগোলা মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালো রং ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ছবিটি বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তোলা। ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম নগরের কাপাসগোলা এলাকার একটি ভবনের দেয়ালে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালি ছিটিয়ে বিকৃত করে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে বৃষ্টির মধ্যে কয়েকজন দুর্বৃত্ত এ কাণ্ড ঘটায়। দুর্বৃত্তদের শনাক্ত করে ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

স্থানীয় লোকজন জানান, বছর দেড়েক আগে যুবলীগ কর্মী নুর মোস্তফা ওরফে টিনু কাপাসগোলার স্কাইটেক লিবার্টি ম্যানসন নামের একটি ভবনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি আঁকেন। আজ সেই প্রতিকৃতিতে স্প্রে করে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে দেয় দুর্বৃত্তরা।

সরেজমিন দেখা গেছে, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতির ওপর নয় ফুট লম্বা ও পাঁচ ফুট চওড়া একটি স্বচ্ছ কাচ লাগিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জাতীয় অনুষ্ঠানের কর্মসূচি থাকলে এই প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালেও ছাত্রলীগ ও যুবলীগ এই প্রতিকৃতিতে ফুল দিয়েছে। দুর্বৃত্তরা আজ ভোরে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার পাশাপাশি শোক দিবসের কর্মসূচিতে দেওয়া ফুলে জ্বালানি ঢেলে পুড়িয়ে দেয়।

ঘটনার বর্ণনা দিয়ে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি নুর মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘আজ সকাল সোয়া সাতটায় বাসা থেকে বের হয়ে আমি বঙ্গবন্ধুর বিকৃত প্রতিকৃতি দেখতে পাই। অথচ আগের দিন এই প্রতিকৃতিতে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ফুল দিয়েছিলেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা, আজ ভোরে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা বঙ্গবন্ধুর ছবিতে কালি লাগিয়ে দেয়। তারা প্রতিকৃতির নিচে আমার নামও মুছে দেয়। ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। সবাই এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন। পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

পুলিশ সূত্র জানায়, আজ ভোরে দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তরা এ কাণ্ড ঘটায়। এদের মধ্যে একজন লুঙ্গি পরা এবং অন্যরা প্যান্ট পরা ছিল। প্রথমে একজন বঙ্গবন্ধুর প্রতিকৃতির কাছে গিয়ে ছবি বিকৃত করার কাজ করছিল। পরে আরও দুজন সেখানে গিয়ে স্প্রে করে ছবি আরও বিকৃত করে দেয়। এরপর আরও কয়েকজন গিয়ে কোনো বস্তু দিয়ে ছবিতে আঘাত করে। তবে মোটা কাচ ভাঙেনি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহি উদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘দুর্বৃত্তদের ধরতে আমরা তথ্যপ্রযুক্তির সহযোগিতা নিচ্ছি। কয়েকজন দুর্বৃত্ত বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে এবং শোক দিবসের কর্মসূচিতে দেওয়া কিছু ফুল জ্বালিয়ে দেয়। দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তরা ছবি বিকৃত করে চলে যায়। এ ব্যাপারে আমি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। মামলা নেওয়ারও প্রস্তুতি চলছে।’