বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গিয়ে সংঘর্ষ, আহত ৬
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাঘাটা থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
অনুষ্ঠানস্থলে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেওয়া নিয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষ ধারাল অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের ছয়জন আহন হন। আহত ছয়জন হচ্ছেন মাহমুদ হাসান রিপনের পক্ষের উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান ও সাধারণ সম্পাদক ছামছুল আরেফিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোজাহার আলী এবং ডেপুটি স্পিকারের পক্ষের উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মুশফিকুর রহমান। তাঁদের মধ্যে গুরুতর আহত ওয়ারেছ আলী প্রধানকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ওয়ারেছ আলী প্রধান বলেন, ‘উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে ডেপুটি স্পিকারের পক্ষে ফুল দেওয়া হয়। পরে উপজেলা আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে ফুল দিতে গেলে ডেপুটি স্পিকারের সমর্থকেরা আমার ওপর হামলা চালায়।’
ডেপুটি স্পিকারের পক্ষের উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ বলেন, অনুষ্ঠান চলাকালে মাহমুদ হাসান রিপনের পক্ষের নেতা-কর্মীরাও ফুল দেওয়ার জন্য মিছিল নিয়ে সমবেত হন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার ঘোষ বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় অনুষ্ঠানে কোনো প্রভাব পড়েনি।
এ বিষয়ে কথা বলার জন্য ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদুল হাসান রিপনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।