বঙ্গবন্ধুর হত্যাকারীর পরিবারের দখল থেকে সরকারি খাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর হত্যাকারী কর্নেল শাহারিয়ার রশিদ খানের পরিবারের দখল থেকে সরকারি একটি খাল উদ্ধার করেছে। উপজেলা নির্বাহী হাকিম ও কসবার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম গতকাল সোমবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন ও ভূমি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চণ্ডীদ্বার মৌজায় একটি খাল রয়েছে। ওই খালটি সিনাই নদে গিয়ে শেষ হয়েছে। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গ্রামের বাসিন্দা ও বঙ্গবন্ধুর হত্যাকারী শাহারিয়ার রশিদ খানের ছেলে আশারাফুল রশিদ খান ও শাহারিয়ারের ছোট ভাই হেলাল খান মাটি ভরাট করে প্রায় তিন শ মিটার এলাকা দখল করে রেখেছেন। সেখানে তাঁরা গাছ লাগিয়েছেন এবং বাংলো ঘর নির্মাণ করেছেন।

ওই খাল থেকে স্থাপনা সরিয়ে নিতে গত ৯ মে নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার লিখিতভাবে তাঁদের নোটিশ দেন। ওই নোটিশ পেয়ে তাঁরা এলাকা থেকে কিছু মাটি সরিয়ে নিলেও বেশির ভাগটা দখল করে রেখেছিলেন।

গত রোববার দুপুরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে মাটি সরানোর উদ্যোগ নেন। গতকাল সোমবার ঘর উচ্ছেদ করেন এবং গাছপালা কেটে নেন। এ সময় সরকারি জায়গা ভরাট করায় বাড়ির মালিককে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু বাড়ির মালিকের অনুপস্থিতিতে বাড়ির তত্ত্বাবধায়ক ইসমাইল হোসেন ওই টাকা পরিশোধ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আবদুল বাছির প্রমুখ।

হেলাল খান মুঠোফোনে বলেন, তিনি খালের কিছু অংশ দখল করেছেন। তবে বেশির ভাগ অংশই তাঁদের মালিকানাধীন। সিনাই নদ ও আশপাশের ওই এলাকা ১২০ বছর ধরে তাঁদের পরিবার ভোগদখল করছে। উপজেলা ভূমি কার্যালয় থেকে চিঠি পাওয়ার পর সরকারি জায়গার কিছু অংশ মাটি সরিয়ে নেওয়া হয়েছে।

ইউএনও বলেন, সরকারি খালে মাটি ভরাট করে গাছপালা লাগিয়ে এবং ঘর তুলে দখল করে রাখা হয়েছিল। ভূমি কার্যালয় থেকে চিঠি দিলেও তাঁরা সন্তোষজনক জবাব দিতে পারেননি। তাঁরা ওই জায়গা নিজেদের বলে দাবি করলেও মালিকানার সঠিক কাগজপত্র দেখাতে পারেননি। দুই দিন ধরে ওই জায়গার স্থাপনা উচ্ছেদ করে খাল দখলমুক্ত করা হয়েছে।